উইকিপিডিয়াকে এফবিআইয়ের হুমকি!
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, উইকিপিডিয়াতে এফবিআই সম্পর্কিত নিবন্ধে প্রতিষ্ঠানের লোগোর ছবি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহার অবৈধ। চিঠিতে আরও বলা হয়, ‘শিগগিরই এ সমস্যা সমাধান না করলে এফবিআই আইনগত পদক্ষেপ নেবে। উইকিপিডিয়ার পক্ষ থেকে সিলের ছবি ব্যবহারের কারণ এবং এই বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করে এই চিঠির জবাব দেওয়া হয়েছে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাধারণ কাউন্সিলের সদস্য মাইক গডউইন এফবিআইয়ের চিঠির জবাবে আইনের ব্যাখ্যা প্রদানের মাধমে বলেছেন, উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া কমন্স থেকে সিলের ছবিটি সরিয়ে ফেলা হবে না। এ ছাড়া তিনি বলেন, কাউন্সিলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনে আদালতে গিয়ে আমরা ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তত।উইকিপিডিয়া থেকে এফবিআইয়ের সিলের ছবিটি সরিয়ে ফেলার কারণ হিসেবে বলা হয়েছে, ছবিটির রেজুলুশন অনেক বেশি তাই ছবিটি বিভিন্ন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। এফবিআইয়ের চিঠিতে উল্লেখ করা হয়, এ লোগো ব্যবহারের ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি। সেই সঙ্গে চিঠিতে যুক্তরাষ্ট্রের একটি আইন উল্লেখ করে বলা হয়েছে, আইন অনুযায়ী অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠানের লোগোও ব্যবহার করা অবৈধ।জবাবে ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে উল্লিখিত আইনটির যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটি সঠিক নয়। এ ছাড়া অন্যান্য বেশ কিছু ওয়েবসাইটেও তাদের সিলটি ব্যবহার করা হয়েছে। যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার অনলাইন সংস্করণ। আর নিবন্ধটিতে প্রাসঙ্গিকভাবেই সিলের ছবিটি ব্যবহার করা হয়েছে এবং অন্যকে অনৈতিক কাজে ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য নয়। তারা আরও উল্লেখ করেন, এটি প্রমাণিত হতেই পারে যে কোনো একজন কখনো উইকিপিডিয়ার নিবন্ধ থেকে সিলটি কোনো অবৈধ কাজে ব্যবহার করেছে কিন্তু এর অর্থ এমন হতে পারে না যে উইকিপিডিয়াতে সিলের ছবি যুক্ত করা ভুল হয়েছে।—নিউ ইয়র্ক টাইমস অবলম্বনে নাসির খান