উইকিপিডিয়ার ক্যানসার সম্পর্কিত তথ্য সম্পাদনার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে ইন্টারনেটভিত্তিক ইন্টারনেটভিত্তি বিশ্বকোষ উইকিপিডিয়ার ক্যানসার সম্পর্কিত তথ্য সম্পাদনা করার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, অনেক মানুষ ক্যানসার বিষয়ে গবেষণার তথ্য সংগ্রহ করতে ওই ওয়েবসাইটটির প্রতি ঝুঁকছেন। কিন্তু ওয়েবসাইটটির কয়েকটি পৃষ্ঠায় তথ্যের নির্ভুলতা ও সুস্পষ্টতায় সমস্যা আছে।উইকিপিডিয়া জানায়, ক্যানসার-বিষয়ক তথ্য জানানোর ক্ষেত্রে তাদের অবদান আছে। তাই ওয়েবসাইটটি সম্পাদনা করতে বিশেষজ্ঞদের আরও উৎসাহ দেওয়া হচ্ছে। উইকিপিডিয়া আরও জানায়, চলতি বছরের জানুয়ারিতে ক্যানসার-সম্পর্কিত তথ্যের জন্য মানুষ ৩৫ লাখেরও বেশিবার পেজে ঢুকেছে।ক্যানসার রিসার্চ ইউকের বৈজ্ঞানিক যোগাযোগবিষয়ক ব্যবস্থাপক হেনরি স্কেক্রোফট বলেন, ‘দীর্ঘদিন থেকে আমাদের ইচ্ছা নিজস্ব ওয়েবসাইটের বাইরে অনলাইন আলোচনায় নিজেদের সম্পৃক্ত করা। ক্যানসার-সম্পর্কিত ইন্টারনেট সার্চের ক্ষেত্রে উইকিপিডিয়া প্রায় সর্বদাই ওপরে অবস্থান করে। তবে ওয়েবসাইটটির তথ্য সব সময়ই সহজবোধ্য হয় না। কখনো কখনো অশুদ্ধ তথ্য কিংবা সম্পূর্ণভাবে তথ্য হালনাগাদ না করার কারণেই এমনটা হয়ে থাকে।’ তবে কতজন বিশেষজ্ঞ ওয়েবসাইটির সম্পাদনায় অংশ নেবেন কিংবা কাজটা করার জন্য তাঁরা কতটুকু সময় পাবেন, সে সম্পর্কে দাতব্য প্রতিষ্ঠানটি কোনো ঘোষণা দেয়নি। —বিবিসি অবলম্বনে আবুল হোসেন