উইকিপিডিয়ার প্রোগ্রামিং প্রতিযোগিতা
বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়ার পরিচালনাকারী-প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকি সফটওয়্যারভিত্তিক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতায় বিশ্বের সব দেশ থেকেই অংশ নেওয়া যাবে। এ প্রতিযোগিতাটি হবে তিনটি বিষয়ের ওপর। এক. মুঠোফোন থেকে আপলোড, দুই. আরও সক্রিয় উইকিপিডিয়া এবং তিন. উইকিপিডিয়া স্লাইড শো। প্রতিটি বিভাগের প্রথম স্থান অর্জনকারী বিজয়ীদের যাতায়াত ও অন্যান্য সব খরচসহ উইকিপিডিয়ার কোনো একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। উইকিপিডিয়ার আগামী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ তারিখ আগামী ৭ নভেম্বর।মুঠোফোন থেকে আপলোড: উইকিপিডিয়ার ব্যবহারকারীদের একটি বড় অংশ মুঠোফোনের মাধ্যমে উইকিপিডিয়া দেখে থাকে। মুঠোফোনের মাধ্যমে যেন ব্যবহারকারী তার তোলা ছবি এবং ভিডিওগুলো উইকিপিডিয়ায় যোগ করতে পারে, তার উপযোগী প্রোগ্রাম তৈরি করতে হবে।আরও সক্রিয় উইকিপিডিয়া: উইকিপিডিয়ার নিবন্ধগুলো প্রতিনিয়ত হালনাগাদ করা হয়। বেশ কিছু নিবন্ধ রয়েছে যেগুলো দিনে ১০০ বা তার বেশিবার সম্পাদনা করা হচ্ছে। কিন্তু বর্তমানে নিবন্ধগুলো পড়ার সময় তা বোঝা যায় না। তাই উইকিপিডিয়ার এমন কিছু পরিবর্তন দরকার, যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশিসম্পৃক্ত হতে পারে। প্রতিযোগিতার এ বিষয়টি এমনই।উইকিপিডিয়া স্লাইড শো: উইকিপিডিয়ায় কয়েক কোটি ছবি রয়েছে। কিন্তু স্লাইড শোর সুবিধা নেই। প্রতিযোগিতায় এ বিষয়টিও রয়েছে। বিস্তারিত: http://www.mediawiki.org/wiki/Special:ContestWelcome/October_2011_Coding_Challenge। —নাসির খান