উইকিপিডিয়ায় একাই ১০ লাখ সম্পাদনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে যুক্তরাষ্ট্রের নাগরিক জাস্টিন কান্নাপ (৩০) একাই ১০ লাখ সম্পাদনা করেছেন। সাত বছর ধরে তিনি উইকিপিডিয়া সম্পাদনার কাজ করছেন। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের বরাত দিয়ে টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, কান্নাপ প্রতিদিন গড়ে ৩৮৫টি অনুচ্ছেদ সম্পাদনার কাজ করেছেন। ২০০৫ সালে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেওয়ার পর থেকে গড়ে প্রতি চার মিনিটে একটি সম্পাদনার কাজ সম্পন্ন হয়েছে তাঁর হাতে। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। তাঁর সম্পাদনা করা অনুচ্ছেদগুলোর বেশির ভাগই দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ধর্ম ও সংস্কৃতিবিষয়ক।উইকিপিডিয়া সম্পাদনার কাজে দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাজ্যের নেইল এডওয়ার্ডস। তিনি ছয় লাখ ২০ হাজার অনুচ্ছেদ সম্পাদনার কাজ করেছেন।উল্লেখ্য, উইকিপিডিয়ায় ৯০ হাজার স্বেচ্ছাসেবী সম্পাদক রয়েছেন, যাঁরা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে কাজ করছেন। বিনা মূল্যের এই অনলাইন সাইটটি উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। উইকিপিডিয়ায় মোট এক কোটি ৩০ লাখ নিবন্ধ রয়েছে যেগুলো সমন্বিতভাবে পৃথিবীর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় তৈরি হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে পারে এমন যে কেউ এখানকার প্রায় সব নিবন্ধে অবদান রাখতে পারে। বর্তমানে উইকিপিডিয়া জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসেবে ব্যবহূত হয়। এখন পর্যন্ত ২৫০টিরও বেশি ভাষায় উইকিপিডিয়া রয়েছে।