উইকিপিডিয়ায় চট্টগ্রামের তথ্য যোগ করতে উইকি ক্যাম্প
বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়াতে চট্টগ্রাম এবং এ সংক্রান্ত ভুক্তি সংযোজন, পুরাতন ভুক্তির মানোন্নয়নসহ সর্বোপরি ইন্টারনেটে চট্টগ্রামকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে গতকাল শনিবার চট্টগ্রামে হয়ে গেল চট্টগ্রাম উইকি ক্যাম্প। উইকিপিডিয়ায় চট্টগ্রাম সমন্বয় পরিষদ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে এই ক্যাম্পের আয়োজন করে। সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান। ক্যাম্পের শুরুতে উইকিপিডিয়ার বিভিন্ন দিক উইকিপিডিয়ায় চট্টগ্রাম কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন সমন্বয় পরিষদের সমন্বয়কারী আদনান মান্নান এবং বিশ্বকোষে ভুক্তির বৈশিষ্ট্য তুলে ধরেন সদস্য এমরান হারুন।ঢাকা থেকে অনলাইনে ক্যাম্পে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। দিনব্যাপী ক্যাম্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আইইউবিসি, আইআইইউসি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, চুয়েট, বুয়েট, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম সিটি কলেজসহ নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীরা ২৩টি দলে ভাগ হয়ে নির্দিষ্ট ভুক্তির কাজ শুরু করেন। দলগুলোর সমন্বয়ের দায়িত্ব পালন করেন মাসুদ বকুল, সৌমিত্র পালিত, বনকুসুম বড়ুয়া, ইরফান নেওয়াজ খান, এমরান হারুন ও আদনান মান্নান। ক্যাম্পে চট্টল মনীষী মনিরুজ্জামান ইসলামাবাদী, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর মোহাম্মদ চেয়ারম্যান, আহমেদ ছফা, আবদুল করিম সাহিত্যবিশারদ, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থান যেমন আগ্রাবাদ, আদালত, পরীর পাহাড়, ওয়ার সিমেট্রি, শিক্ষাপ্রতিষ্ঠান যেমন কাফকো স্কুল, মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম কলেজ, কলেজিয়েট স্কুল প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি দলের সদস্যরা ভবিষ্যতে দায়িত্বে ওই ভুক্তিগুলো উইকিপিডিয়াতে যুক্ত ও সম্প্রসারণ করবেন। ক্যাম্পে কম্পিউটার ল্যাব, ইন্টারনেট সংযোগের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন আইইউবি বিজ্ঞান ও প্রকৌশল ক্লাবের সদস্যরা। উইকিপিডিয়ায় চট্টগ্রাম সমন্বয় পরিষদের উদ্যোগে ভবিষ্যতে একাধিক ক্যাম্পের আয়োজন করা হবে বলে পরিষদ সূত্রে জানা গেছে। —নিজস্ব প্রতিবেদক