উইকিপিডিয়ায় দেখা যাবে ভিডিও

ইন্টারনেটে সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়াতে এবার নিবন্ধের সঙ্গে দেখা যাবে ভিডিও। এ বিষয়টি সহজ করতে সম্প্রতি ‘ওয়েবি’ নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে বিশেষ প্রোগ্রাম (এক্সটেনশন)। এ এক্সটেনশনটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী চাইলে সংশ্লিষ্ট নিবন্ধে লেখার পাশাপাশি ভিডিও দেখতে পারবেন। আর এটি সম্পূর্ণ বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। এ কাজটি মূলত উইকিপিডিয়া এবং ইউটিউবের মধ্যে সংযোগ স্থাপন করতেই করা হয়েছে বলে জানিয়েছেন ওয়েবির সহ-প্রতিষ্ঠাতা আকসিত আগরওয়াল। তিনি জানান, এতে করে এখন শুধু উইকিপিডিয়ার নিবন্ধগুলো শুধু পড়াই নয়, চাইলে প্রতিটি নিবন্ধের প্রতিটি নির্দিষ্ট অনুচ্ছেদের আলাদা ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।
মূলত উইকিপিডিয়াকে আরও সহজ ও ব্যবহার উপযোগী করতেই এমন এক্সটেনশন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। বর্তমানে সারা বিশ্বে ২৮৭টি ভাষায় তিন কোটি নিবন্ধ রয়েছে উইকিপিডিয়ায়। নতুন ওয়েবি এক্সটেনশনটি এখন শুধু ক্রোম ব্রাউজারের (http://goo.gl/EiFG9t) জন্য পাওয়া যাবে। এ নিয়ে প্রকাশিত বিশেষ ভিডিও দেখা যাবে (http://goo.gl/IVTTdf) ঠিকানায়। —লেটসওয়েবি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী