উইকিপিডিয়ায় বন্ধ থাকা নিবন্ধ সম্পাদনার জন্যউন্মুক্ত
ইন্টারনেটে সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়ার অনেকগুলো পৃষ্ঠা বেশ কয়েক বছর বন্ধ রাখার পর সম্পাদনার জন্য সম্প্রতি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।উইকিপিডিয়া কর্তৃপক্ষ বলছে, বিতর্কিত কিছু নিবন্ধ সম্পাদনার সুবিধার জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও আইসল্যান্ড-সম্পর্কিত কিছু নিবন্ধসহ দুই হাজারেরও বেশি নিবন্ধসংবলিত পৃষ্ঠা খুলে দিয়েছে উইকিপিডিয়া। এসব পৃষ্ঠা এত দিন দেখা গেলেও কেউ কোনো সম্পাদনা করতে পারত না। ব্যবহারকারীরা এখন এসব পৃষ্ঠায় প্রবেশ করে তা সম্পাদনা করতে পারবে। তাদের সাইটে অনুপ্রবেশ (হ্যাকিং) রোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে উইকিপিডিয়া এসব পৃষ্ঠা খুলে দিয়েছে। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বিবিসিকে বলেন, এত দিন বন্ধ করে রাখা পৃষ্ঠাগুলোতে প্রবেশের জন্য নতুন একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এ পদ্ধতির নাম ‘পেন্ডিং চেঞ্জেস’। তিনি বলেন, উইকিপিডিয়া সাধারণত তাদের যেকোনো নিবন্ধ সম্পাদনার জন্য প্রত্যেককে স্বাগত জানিয়ে থাকে। তবে ঘন ঘন সম্পাদনা ও ভুল তথ্য দেওয়ার কারণে বিতর্কিত নিবন্ধসংবলিত পৃষ্ঠাগুলোতে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় উইকিপিডিয়া। জিমি ওয়েলস বলেন, পৃষ্ঠা খুলে দেওয়ার কারণে এখন অনেকে এসব নিবন্ধে নতুন ও সঠিক তথ্য দিতে পারবে। এতে উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হবে। তবে এতে ভুল তথ্য দেওয়া হচ্ছে কি না তা কঠোরভাবে পর্যবেক্ষণ করবে উইকিপিডিয়ার নিজস্ব সম্পদ। ভুল তথ্য পাওয়া গেলে তা মুছে ফেলা হবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান