উইকিমিডিয়া প্রকল্পের মাসিক ব্যবহারকারী ৫০ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিমিডিয়ার বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে ইন্টারনেটে। এর মধ্যে উল্লেখযোগ্য উইকিপিডিয়া, উইকিমিডিয়া কমন্স, উইকিবুকস, উইকিডেটা, উইকিসোর্স ইত্যাদি। ‘এমন একটি বিশ্ব চিন্তা করুন, যেখানে মানুষ জ্ঞান সহজে ও বিনামূল্যে একে অপরের সঙ্গে বিনিময় করতে পারে’—এমন লক্ষ্য নিয়ে কাজ করা উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পের মাসিক নতুন ব্যবহারকারী ৫০ কোটি। সম্প্রতি কমস্কোর মিডিয়া মেট্রিকস এ তথ্য প্রকাশ করেছে। গত বছরের মে মাসে এমন নতুন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪২ কোটি দুই লাখ। নতুন ব্যবহারকারীরা উইকিমিডিয়ার এসব প্রকল্পে আসার পাশাপাশি অনেক সময় থাকেন এবং তথ্য খোঁজেন। গত এক বছরের উইকিপিডিয়ার মাসিক পাতার অনুরোধ এক হাজার ৭১০ কোটি থেকে বেড়ে দুই হাজার ১৩০ কোটি হয়েছে। কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনে উইকিমিডিয়ার প্রকল্পগুলো দেখা হয়েছে ৩০০ কোটিবারের বেশি। দেশভেদে বেড়েছে ব্যবহারকারীর সংখ্যাও। ভারতে নতুন ব্যবহারকারী ৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪ দশমিক ৮ শতাংশ এবং একই সময়ে ব্রাজিলে এ সংখ্যা ৩ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫ দশমিক ৯ শতাংশ। উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সু গার্ডনার বলেন, ‘ব্যবহারকারীদের আরও সহজে তথ্য দিতে আমরা বিশ্বের বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যে চুক্তি করেছি। উইকিপিডিয়া জিরো নামের এ প্রকল্পের আওতায় এসব মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যবহারকারীরা বিনামূল্যে উইকিপিডিয়া ব্যবহার করতে পারবেন।’ইন্টারনেট ছাড়াও অফলাইনে উইকিমিডিয়ার প্রকল্পের বিভিন্ন তথ্য সহজে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছানোর বিশেষ প্রকল্পও চালু করা হয়েছে। এর আওতায় কেনিয়ার উইকিমিডিয়া স্বেচ্ছাসেবকেরা প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে গিয়ে নিজেদের অ্যান্ড্রয়েড ট্যাবলেট কিংবা ফোন থেকে উইকিমিডিয়া প্রকল্পের তথ্য নামিয়ে ওই বিদ্যালয়ের কম্পিউটারে দিচ্ছেন। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াও শিক্ষার্থীরা উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পের তথ্য পাচ্ছে। —উইকিমিডিয়া ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী