
মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম) ২০১৪’-এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে সেরা ছবি নির্বাচিত হয়েছে কন্সটেনটিন ব্রিজনিচেনকোর তোলা ইউক্রেনের জাতীয় একটি স্থাপনার ছবি। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে মার্স ইলাকোটের তোলা ফ্রান্সের গ্যারি ডু নর্ড রেলস্টেশনের ছবি, তৃতীয় হয়েছে সিরি উলডানের তোলা নরওয়ের একটি ছবি। সব মিলিয়ে ১০টি সেরা ছবি নির্বাচন করা হয়েছে। ছবিগুলো পাওয়া যাবে http://bit.ly/1xHjDzS ঠিকানায়।চলতি বছর ৪১ দেশে থাকা উইকিমিডিয়া ফাউন্ডেশনের শাখাগুলোর উদ্যোগে ডব্লিউএলএম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০১০ সালে নেদারল্যান্ডসে এ প্রতিযোগিতা শুরু হয়, যা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী হয়ে আসছে। প্রতিযোগিতার আন্তর্জাতিক সমন্বয়ক ডেরর লিন বলেন, চার বছর ধরে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও সংস্কৃতির প্রায় ১১ লাখ ছবির একটি সমৃদ্ধ উদ্যোগ উইকি লাভস মনুমেন্টস। প্রতিবছরই মুক্ত সোর্স লাইসেন্সে স্বেচ্ছাসেবকেরা ছবি দিচ্ছেন আর সমৃদ্ধ হচ্ছে ডব্লিউএলএম প্রকল্প। ফলে ইন্টারনেটে সহজেই বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয়গুলো জানা সম্ভব হচ্ছে।
ডব্লিউএলএম ২০১৪-এ চলতি বছরের ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছবি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন প্রতিযোগীরা। এর মধ্যে নয় হাজার ছবি প্রকাশ করা হয়। বিচারকদের রায়ে সেরা ছবি নির্বাচিত করা হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় ছবি তোলার প্রতিযোগিতা হলো এই ডব্লিউএলএম। —ডব্লিউএলএম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী