উইচ-এর পুনর্জন্ম
যুক্তরাজ্যের দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ কম্পিউটিংয়ে বিশ্বের প্রাচীনতম ডিজিটাল কম্পিউটার ‘উইচ’-এর প্রদর্শনী শুরু হচ্ছে । কম্পিউটারটির পুরোনো যন্ত্রাংশ একটি স্টোররুমে দুই দশক ধরে পড়ে ছিল। দুই টন ওজনের এ কম্পিউটারটিকে পুনরায় চালু করতে গত তিন বছর ধরে কাজ করেছেন গবেষকেরা। যুক্তরাজ্যের পরমাণু গবেষণা সংক্রান্ত কাজে ১৯৫০ সালের দিকে উইচ কম্পিউটারটি ব্যবহার করা হয়েছিল।এক প্রতিবেদনে বিবিসি অনলাইন জানিয়েছে, ২০ নভেম্বর বিশেষ আয়োজনের মাধ্যমে এ কম্পিউটারটি ব্লিচলি পার্কের দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ কম্পিউটিংয়ে প্রদর্শনী শুরু হবে। এ কম্পিউটারটি এর আগে ২০ বছরেরও বেশি সময় ধরে মিউনিসিপ্যাল স্টোররুমে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ১৯৪৯ সালের দিকে যুক্তরাজ্যের পরমাণু বিজ্ঞানীদের গবেষণার কাজে সাহায্যের লক্ষে এ কম্পিউটারটি তৈরি করা হয়েছিল।১৯৫১ সালে এ কম্পিউটারটি হারওয়েল ডেকাট্রন নামে কাজ শুরু করে। এ কম্পিউটারটির মেমোরি বা তথ্য সংরক্ষণের জন্য ব্যবহূত ভালভের নাম থেকেই এর নামকরণ করা হয়। কম্পিউটারটি বেশ ধীর গতিরই ছিল। দুটি সংখ্যার মধ্যে নিখুঁতভাবে গুণ করতে এটির সময় লাগত ১০ সেকেন্ড। ১৯৫৭ সালের দিকে দ্রুতগতির ছোটো আকারের কম্পিউটার ব্যবহার শুরু হলে এ কম্পিউটারটি উলভারহ্যাম্পটন অ্যান্ড স্ট্যাটফোর্ডশায়ার টেকনিক্যাল কলেজের অধীনে চলে যায়। তখনই এ কম্পিউটারটির নামকরণ করা হয়েছিল ‘উইচ’। ১৯৭৩ সালে কম্পিউটারটি বার্মিংহ্যাম মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধীনে আসে। ১৯৯৭ সাল পর্যন্ত এই জাদুঘরেই ছিল উইচ। তবে জাদুঘরটি বন্ধ হয়ে যাওয়ার পর উইচকে ভেঙে ফেলে রাখা হয়েছিল। তিন বছরেরও অধিক সময় ধরে পুরোনো যন্ত্রাংশের সাহায্যে আবারও উইচকে জীবন দিয়েছেন গবেষকেরা।