উইটসার পুরস্কার পেল আইসিটি বিভাগ, বাংলালিংক ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সেস (উইটসার) ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৪’ পেয়েছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। এ ছাড়া মোবাইল এক্সিলেন্স বিভাগে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস এবং মেরিট উইনার হিসেবে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এ পুরস্কার পেয়েছে। উইটসার সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মনোনয়নে এই প্রতিষ্ঠানগুলো পুরস্কার পেয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিএস।
গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় মেক্সিকোর গুয়াদালাজারায় অনুষ্ঠিত উইটসার ওয়ার্ল্ড কংগ্রেস অন আইসিটির আয়োজনে এবারের পুরস্কার দেওয়া হয়। সরকারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এ ছাড়া বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের পক্ষে বিসিএসের সহসভাপতি মজিবুর রহমান ও ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান সম্মাননা গ্রহণ করেন।
বিশ্বের ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন উইটসার সদস্য। বিসিএস ১৯৯৮ সালে এ সংগঠনের পূর্ণ সদস্যপদ পায়। উইটসার দুই বছর পর পর ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে।
উইটসার পরিচালক হলেন মো. সবুর খান: উইটসার পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. সবুর খান। একই সঙ্গে তিনি এই সংগঠনের গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন।
বিসিএসের মনোনীত প্রতিনিধি হিসেবে মো. সবুর খান এ পদে নির্বাচিত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়াডালাজারায় উইটসার বার্ষিক সম্মেলনে মো. সবুর খান ভবিষ্যতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির এবং বৈশ্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান।