
শীর্ষ সফটওয়্যারনির্মাতা মাইক্রোসফট করপোরেশেনের সর্বশেষ উইন্ডোজ সংস্করণ ব্যবহারকারীরা বিনা মূল্যে পাবেন উইন্ডোজ ১০ সংস্করণ। এ জন্য আলাদাভাবে এ সফটওয়্যার কেনা লাগবে না বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। আগের সংস্করণ ব্যবহারকারীরা চাইলেই বিনা মূল্যে নতুন সংস্করণ হালনাগাদ করে নিতে পারবেন। গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজের সাম্প্রতিকতম সংস্করণ ব্যবহারকারীদের পাশাপাশি উইন্ডোজ ফোন সফটওয়্যার ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন বলে জানা গেছে।
দীর্ঘদিন পর বিনা মূল্যে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে হালনাগাদ হওয়ার সুযোগ দেওয়া হলো। মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ বিক্রি করে প্রচুর মুনাফা করে আসছে প্রতিষ্ঠানটি। আর তাই এখন থেকে বিনা মূল্যে উইন্ডোজ হালনাগাদ করার ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে মাইক্রোসফটেও বড় ধরনের পরিবর্তন শুরু হলো।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের পরিচালক টেরি মেয়ারসন বলেন, উইন্ডোজ ব্যবহারকারীরা এবার বিনা মূল্যেই পাবেন উইন্ডোজ ১০ সংস্করণ। চলতি বছরের শেষ দিকেই বাজারে আসবে এটি। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ ফোন ৮.১ ব্যবহারকারীরা এক বছর বিনা মূল্যেই হালনাগাদ করে নিতে পারবেন।
নতুন সংস্করণ এনে সেটি চড়া মূল্যে বিক্রির প্রক্রিয়া থেকে সরে এসে নতুন এ পদ্ধতিতে উইন্ডোজের নিয়মিত হালনাগাদ আসবে এবং গ্রাহক ফি দিয়ে সেটি হালনাগাদ করা যাবে। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস নতুন এ পদ্ধতিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আমি খুবই আনন্দিত এ উদ্যোগ দেখে। আশা করছি এর মাধ্যমে মাইক্রোসফট নতুন এক যুগে প্রবেশ করছে, যেখানে ব্যবহারকারীরা আগের চেয়ে আরও বেশি সুবিধা পাবেন।’
—বিবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল অবলম্বনে কাজী আলম