উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রতিটি সংস্করণেই আগে থেকেই বিভিন্ন সুবিধা বা প্রোগ্রাম ইনস্টল করা থাকে। এর সবগুলোই যে সব ব্যবহারকারীর প্রয়োজন পড়ে এমন নয়। অদরকারি কিছু প্রোগ্রাম, অ্যাপ চাইলে মুছে দিয়ে উইন্ডোজের বোঝা যেমন কমানো যায়, তেমনি হার্ডডিস্কের জায়গাও খালি করা যায়। আবার প্রয়োজনে কিছু সুবিধা যোগও করা যাবে। খুব বেশি ব্যবহার না থাকায় উইন্ডোজের ‘ফিচারস’ নামের এ সুবিধাটি অবশ্য অনেকের অগোচরেই থেকে যায়।
যেভাবে করবেন: কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচারস অপশনে যান। এরপর অ্যাড অর রিমুভ প্রোগ্রামস বাছাই করুন। বাঁয়ের কলাম থেকে ‘টার্ন উইন্ডোজ ফিচারস অন অর অফ’-এ ক্লিক করুন, উইন্ডোজ ফিচারস উইন্ডোটি চলে আসবে। এবার উইন্ডোজের যেসব এখন রয়েছে সেগুলোর তালিকা দেখতে পাবেন। তালিকায় থাকা প্রত্যেকটি সুবিধার ওপর মাউস নিলে এর সংক্ষিপ্ত বিবরণ দেখা যাবে। যেসব ফিচারে টিক দেওয়া আছে সেগুলো বর্তমানে চালু আছে। এখান থেকে নিজের প্রয়োজন অনুসারে কোনো ফিচার বা সুবিধা বাতিল করতে টিকচিহ্ন উঠিয়ে দিয়ে ওকে করতে হবে। প্রয়োজন পড়ে না এমন সুবিধাগুলোর মধ্যে আছে ইন্টারনেট গেমস, মোর গেমস, উইন্ডোজ ডিভিডি মেকার, উইন্ডোজ মিডিয়া সেন্টার, উইন্ডোজ ফ্যাক্স অ্যান্ড স্ক্যান, উইন্ডোজ গেজেট প্ল্যাটফর্ম ইত্যাদি। এসবের টিকচিহ্ন তুলে দিলে হার্ডডিস্কের জায়গা অনেকটাই ফাঁকা হবে। অনেকে ক্ষেত্রে উইন্ডোজ একটি সতর্কীকরণ বার্তা দেখাতে পারে। সে ক্ষেত্রে ইয়েস করে ধাপটি সম্পন্ন করুন।
নতুন সুবিধা যুক্ত করতে চাইলে সুবিধাটির বাঁয়ে টিক দিতে হবে। অনেক সময় এ ক্ষেত্রে উইন্ডোজ আপডেট সেন্টার থেকে ইন্টারনেটের মাধ্যমে হালনাগাদ বা উইন্ডোজের ডিভিডিটি সিডি-ডিভিডি ড্রাইভে প্রবেশ করার প্রয়োজন পড়তে পারে। কম্পিউটার বন্ধ করে আবার চালু বা রিস্টার্ট করারও প্রয়োজন হতে পারে। উইন্ডোজের নিজস্ব ওয়েব সার্ভার বা আইআইএস ও এফটিপি সার্ভারের সেবাও এখান থেকে চালু করা যাবে।