মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ৮-এ পার্থক্য অনেক, আবার উইন্ডোজ ৮-এর পর সর্বশেষ ৮.১ সংস্করণেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। যাঁরা উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম পরিবর্তন করে থেকে উইন্ডোজ ৮.১ ব্যবহার করছেন বা করবেন, তাঁরা এই সংস্করণের নতুন কিছু বিষয় আগে থেকেই জানলে পরবর্তী সময়ে কাজ করতে বেশ সুবিধা পাবেন।
সরাসরি ডেস্কটপ মুড চালু: প্রতিবার উইন্ডোজ ৮.১ চালু হওয়ার পর ডিফল্ট হিসেবে স্টার্ট স্ক্রিন প্রদর্শন করলেও, চাইলে এখন এটি পরিবর্তন করে সরাসরি ডেস্কটপ মুডে চালু করতে পারবেন। এ জন্য Windows Key + D চেপে ডেস্কটপ মুডে গিয়ে টাস্কবারে ডান ক্লিক করে Properties > Navigation > When ও sign in or close all apps on a screen, go to the desktop অপশনটি টিক দিতে হবে।
স্টার্ট বোতামের প্রত্যাবর্তন: উইন্ডোজ ৮.১-এর উল্লেখযোগ্য পরিবর্তনের একটি হলো স্টার্ট বোতাম ফিরে আসা। যদিও উইন্ডোজ ৭-এর মতো স্টার্ট মেনু ফেরত পাচ্ছেন না, বরং স্টার্ট বোতামে ক্লিক করলে এটি আপনাকে স্টার্ট স্ক্রিন মুডে নিয়ে যাবে। তবু এই স্টার্ট বোতামে ডান ক্লিক করে বাড়তি কিছু সুবিধা, যেমন কন্ট্রোল প্যানেল, টাস্ক ম্যানেজার, ফাইল এক্সপ্লোরার, রান ইত্যাদি অপশন পাবেন।
দুই ক্লিকে উইন্ডোজ শাটডাউন: উইন্ডোজ ৮-এ সিস্টেম বন্ধ করতে গেলে বাড়তি ঝামেলায় পড়তে হতো। এখন উইন্ডোজ ৮.১-এ Windows Key + X কি-বোর্ড শর্টকাট চেপে পাওয়ার অপশন অথবা স্টার্ট বোতামে ডান ক্লিক করে শাট ডাউন অপশন ব্যবহার করে অনেক সহজেই সিস্টেম শাটডাউন অথবা রিস্টার্ট করতে পারবেন।
উইন্ডোজ এক্সপ্লোরারে স্কাইড্রাইভ: আপনি যদি মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ সেবা বা স্কাইড্রাইভ ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে উইন্ডোজ ৮.১ অনেক সুবিধা করে দেবে। ফাইল এক্সপ্লোরার খুললে বাঁ পাশের সাইডবার থেকে স্কাইড্রাইভ অপশনটি আগে থেকেই যুক্ত অবস্থায় পাবেন, অনেকটা উইন্ডোজ লাইব্রেরি ব্যবহার করার মতো। সেখান থেকে অনলাইনে বা অফলাইনে ফাইল আপলোড ডাউনলোডের কাজ সারতে পারবেন স্বাচ্ছন্দ্যে।
(বাকি অংশ আগামীকাল) —মঈন চৌধুরী