শেষ অংশ
একসঙ্গে অনেক কাজ: উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের বড় একটা সুবিধা ছিল একসঙ্গে অনেকগুলো কাজ বা মাল্টিটাস্কিং। কাজগুলো করার সময় সেগুলোর উইন্ডো পর্দার আধাআধি বা তিন ভাগের এক ভাগ জায়গা জুড়ে দেখা যেত। এখন উইন্ডোজ ৮.১-এ ইচ্ছেমতো স্লাইডার টেনে টেনে যেকোনো আকারে পর্দায় এগুলো দেখা যাবে।
ইন্টারনেট এক্সপ্লোরার ১১: বাড়তি গতি, নিরাপত্তা, প্রাইভেসি হালনাগাদসহ নতুন ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ব্রাউজারটি এখন আরও উন্নত। যদিও উইন্ডোজ ৮-এ এর দুই ধরনের ইন্টারফেস আছে—পুরো পর্দার উইন্ডোজ ৮ স্টাইল, আরেকটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন। চাইলে সব সময় অ্যাপ্লিকেশন মুডেই সেটি চালু করা যাবে। এ জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি খুলে সেটিং মেনু থেকে ইন্টারনেট অপশন নির্বাচন করুন, সেখান থেকে প্রোগ্রামস ট্যাবে ক্লিক করে ওপেনিং ইন্টারনেট এক্সপ্লোরার মেনু থেকে Always in Internet Explorer on the desktop অপশনটি নির্বাচন করুন।
লুকানো উইন্ডোজ লাইব্রেরি: নতুন সংস্করণে উইন্ডোজ লাইব্রেরি প্রথম অবস্থায় লুকানো থাকে, যদিও বিভিন্ন অ্যাপস মিউজিক বা ভিডিও লাইব্রেরি ব্যবহার করে এখনো। চাইলে এটিকেও ফেরত আনা যায়। ফাইল ব্রাউজার বা উইন্ডোজ এক্সপ্লোরার খুলে বাঁ দিকের প্যানে ডান ক্লিক করে Show libraries অপশনটি নির্বাচন করুন।
স্টার্ট স্ক্রিনে পরিবর্তন: উইন্ডোজ ৮-এ কোনো অ্যাপ বা ডেস্কটপ প্রোগ্রাম ইনস্টল করলে স্টার্ট স্ক্রিনে তার একটি টাইলস স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যেত। এই সুবিধা এখন আর উইন্ডোজ ৮.১-এ পাবেন না। যদিও এখন পুরো নিয়ন্ত্রণ করা যাবে স্টার্ট স্ক্রিনের সাজসজ্জা। টাইলসের নতুন দুটি আকার দেওয়া যাবে, সেই সঙ্গে অনেকগুলো অ্যাপস একটা গ্রুপে যুক্ত করা যাবে। লক স্ক্রিনকে বানানো যাবে ছবি স্লাইড শো, লগইন করা ছাড়াই ক্যামেরা চালানো বা স্কাইপের উত্তর দেওয়া যাবে।
—মঈন চৌধুরী