উইন্ডোজ আটে ব্যবহারকারী বদলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে যাঁরা একদম নতুন, প্রথম দফায় তাঁদের অনেকেই বুঝে উঠতে পারেন না কীভাবে এক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে বেরিয়ে (লগ-অফ) করে অন্য অ্যাকাউন্টে ঢুকতে (লগ-ইন) হয়। এক কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকলে রিস্টার্টের তুলনায় লগ-অফ করে অন্য অ্যাকাউন্টে যাওয়া যায় দ্রুত। একজন ব্যবহারকারী লগ-ইন থাকা অবস্থায় সেটি বদল করে অন্য আরেকটিতে যেতেও সময় লাগে কম।
কিন্তু আগের সংস্করণের উইন্ডোজ ব্যবহারকারীরা যেখানে এই অপশনগুলো থাকার কথা ভাবেন, উইন্ডোজ ৮-এ সেটি খুঁজে পান না। অপশনগুলো নতুনভাবে সাজানো হয়েছে, আনা হয়েছে অভিনবত্ব। লগ-অফ এখন হয়ে গেছে সাইন-আউট। সুইচ ইউজার নামে কোনো অপশনই নেই, বদলে রয়েছে অন্যান্য ব্যবহারকারীর নাম। পাওয়ার সেকশনে না থেকে এগুলো রাখা হয়েছে ইউজার আইকনে।
উইন্ডোজ ৮ স্টার্ট স্ক্রিনের ওপরে ডান দিকে আপনি আপনার নাম ও ছবি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। কম্পিউটারে যদি আরও ব্যবহারকারী থাকে, তাহলে তাদের নামও দেখতে পাবেন। এর কোনোটিতে ক্লিক করলে ব্যবহারকারী বদলে যাবে। আগেকার সংস্করণগুলোর মতোই, বর্তমানে যে ব্যবহারকারীর অ্যাকাউন্ট খোলা ছিল, সেটি চালু থাকবে এবং অ্যাকাউন্টটি আগে যে অবস্থায় ছিল পুনরায় সেভাবে ফিরে আসা যাবে। অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেওয়া থাকলে অবশ্যই সেটি দিতে হবে। এক অ্যাকাউন্ট থেকে পুরোপুরি লগ-অফ করে অন্য অ্যাকাউন্টে লগ-ইন করতে চাইলে স্টার্ট স্ক্রিনের ডান দিকে ওপরে আপনার নাম বা ছবিতে ক্লিক করুন এবং সাইন আউট নির্বাচন করুন। লক স্ক্রিন দেখালে কি-বোর্ডের যেকোনো বোতাম চাপুন। অন্য ব্যবহারকারী হিসেবে লগ অন করতে নতুন একটি পর্দা এসে হাজির হবে। ব্যবহারকারীর নাম বাছাই করে ঢুকে পড়ুন সেই অ্যাকাউন্টে। —মঈন চৌধুরী