একই কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজের পাশাপাশি মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু ইনস্টল ব্যবহার করা যায়। কম্পিউটারে চালু থাকা উইন্ডোজ না মুছেই ইনস্টল করা যায় উবুন্টু। বিশেষ করে ৮ এপ্রিলের পর নিরাপত্তা হালনাগাদ বন্ধ হয়ে যাওয়া উইন্ডোজ এক্সপির বিকল্প যাঁরা খুঁজছেন তাঁরা বিনা মূল্যের নতুন উবুন্টু সংস্করণটি ব্যবহার করে দেখতে পারেন। এ জন্য প্রথমে কম্পিউটার সিস্টেমের ধরন অনুযায়ী ৩২ বা ৬৪-বিট উবুন্টু ১৪.০৪ এলটিএস সংস্করণের আইএসও (ইমেজ) ফাইলটি goo.gl/SxGkbB ঠিকানার ওয়েবসাইট থেকে নামাতে হবে। আকার ৯৭০ মেগাবাইট। এরপর ফাইলটি ডিভিডি বা পেনড্রাইভে বুটেবল আকারে কপি বা রাইট করতে হবে। ডিভিডি হলে goo.gl/VRDRQ8 ঠিকানায় গিয়ে Infra Recorder নামের বিনা মূল্যের সফটওয়্যারটি নামিয়ে উবুন্টুর আইএসও ফাইলটি এর অ্যাকশন মেন্যু থেকে বার্ন ইমেজ নির্বাচন করে রাইট করে নিতে হবে। পেনড্রাইভের ক্ষেত্রে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার নামের ছোট প্রোগ্রামটি goo.gl/TjTUIg ঠিকানা থেকে নামিয়ে ইমেজ ফাইলটিতে রাইট করতে হবে।
ইনস্টল না করেই উবুন্টু
কম্পিউটার চালু করে প্রথমেই বায়োসের বুট মেন্যু থেকে (চালু হওয়ার সময় সাধারণত F2 বা F12 অথবা পর্দায় নির্দেশিত কি চেপে) বুটেবল করা ডিভিডি বা পেনড্রাইভটি দেখিয়ে দিতে হবে। মানে ওই ডিভিডি বা পেনড্রাইভ থেকে কম্পিউটার চালু হবে। চালু হলে দুটি অপশন পাওয়া যাবে। প্রথম অপশন Try Ubuntu বাছাই করলে উবুন্টু সীমিত আকারে ব্যবহার করা যাবে। এভাবে ব্যবহারের সময় কোনো কিছু পরিবর্তন করলে সেটা অবশ্য আর কম্পিউটারে জমা থাকবে না। কারণ, তখন কম্পিউটার সিস্টেম হার্ডডিস্ক থেকে নয় বরং র্যাম থেকেই সাময়িকভাবে চলে।
উইন্ডোজের পাশাপাশি উবুন্টু
বুট মেন্যু থেকে উবুন্টুর বুটেবল ডিভিডি বা পেনড্রাইভ চালু করার পর ট্রাই উবুন্টুর পাশেই Install Ubuntu অপশন নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে যখন ইনস্টলেশনের ধরন বাছাই করতে হবে তখন সতর্কতার সঙ্গে প্রথম অপশনটি অর্থাৎ Install Ubuntu alongside Windows 7 নির্বাচন করতে হবে। এখানে উইন্ডোজ ৭-এর বদলে কম্পিউটারে উইন্ডোজের অন্য কোনো সংস্করণ ইনস্টল করা থাকলে তার নাম দেখাবে। তারপর উবুন্টুর জন্য হার্ডডিস্কে কিছু জায়গা নির্ধারণ করে (মাউস দিয়ে টেনে আকার কমানো বাড়ানো যাবে) দিয়ে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরণ করুন। ইনস্টলেশন শেষ হলে কম্পিউটার আবার চালু (রিস্টার্ট) করুন। কম্পিউটার আবার চালু হলে অপারেটিং সিস্টেমের বুট অপশন দেখাবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী কি-বোর্ডের ওপর নিম্নমুখী তির চেপে উইন্ডোজ অথবা উবুন্টু বেছে নিয়ে এন্টার করুন। নির্বাচিত অপারেটিং সিস্টেমটি তখন চালু হবে। —মঈন চৌধুরী