উইন্ডোজ ও অ্যান্ড্রয়েডের চীনা বিকল্প

উইন্ডোজ, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর থেকে নির্ভরতা কমাতে অক্টোবর মাস নাগাদ কম্পিউটার ও মোবাইলের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম উন্মোচন করতে পারে চীন। চীনের প্রযুক্তি বাজারে মাইক্রোসফট, গুগল ও অ্যাপলের আধিপত্য কমাতে এবং নিজস্ব সফটওয়্যারের ওপর গুরুত্ব দিতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
চীনের জাতীয় দৈনিক সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক নি গুয়াংনান এই চীনা ওএস তৈরির ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। এ প্রসঙ্গে গুয়াংনান বলেন, ‘অক্টোবরের মধ্যে প্রথমে ডেস্কটপ অপারেটিং সিস্টেম তৈরি হবে। পরবর্তী সময়ে মোবাইল ওএস তৈরি করা হবে। এই অপারেটিং সিস্টেমে সমর্থনযোগ্য অ্যাপ স্টোরও থাকবে।’
দেশীয় প্রযুক্তি ব্যবহারে উত্সাহ দিতে এবং নিরাপত্তার বিষয়ে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো থেকে দূরে সরে যাচ্ছে চীন। সাইবার নিরাপত্তা নিয়ে অ্যাপল, মাইক্রোসফট আর গুগলের মতো পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীন সরকারের সম্পর্কে ফাটল ধরেছে। এই বছরের মে মাসেই সরকারি কাজে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে চীন। এ ছাড়াও বিদেশি অ্যান্টি ভাইরাস ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করছে দেশটি।