ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে এসেছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য। এসবের মধ্যে একটি সিস্টেম ফাইলের অনধিকার প্রবেশ ঠেকানো। কিন্তু কখনো আবার নিরাপত্তাব্যবস্থা আপনার নিজের ব্যবহৃত অ্যাপের ওপরই কর্তৃত্ব করতে পারে। দরকারি কোনো অ্যাপে ‘This app has been blocked for your protection’ বার্তা দেখিয়ে কাজ থেমে যেতে পারে। এমন এরর মেসেজ পেলে তার সমাধান করা যায় সহজেই। এ জন্য উইন্ডোজ স্মার্টস্ক্রিন ফিল্টার বন্ধ করে দিতে হবে। অ্যাপ ব্লক প্রটেকশনকে কমান্ড প্রম্পটের মাধ্যমে বন্ধ রাখতে হবে। এ ছাড়া যা করতে পারেন—
স্মার্টস্ক্রিন ফিল্টার বন্ধ রাখা
ইন্টারনেট থেকে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ভাইরাস, স্পাইওয়্যার, স্প্যাম না আসে, তা থেকে বাঁচতে স্মার্টস্ক্রিন ফিল্টার ব্যবহার করার সুবিধা আছে। কিন্তু কখনো এটি আপনার দরকারি অ্যাপকেও বন্ধ করে দিতে পারে। তাই একে বন্ধ রাখতে উইন্ডোজ ১০-এর স্টার্ট মেনুতে গিয়ে gpedit.msc লিখে গ্রুপ পলিসি এডিটর খুলুন। এখানে Computer Configuration-এর Administrative Templates ক্লিক করে Windows Components-এ ক্লিক করুন। File Explorer-এ ক্লিক করে ডান পাশের তালিকা থেকে Configure Windows SmartScreen-এ দুই ক্লিক করে খুলুন। এখানে disabled-এ ক্লিক করে ওকে করুন। তাহলে স্মার্টস্ক্রিন ফিল্টারিং বন্ধ হয়ে যাবে।
কমান্ড প্রম্পট ব্যবহার
Win + X একসঙ্গে চেপে তালিকার Command Prompt (Admin)-এ ক্লিক করে খুলুন। কমান্ড প্রম্পট উইন্ডো খুললে net user administrator/active:yes কমান্ড লিখে এন্টার করুন। কমান্ডটি সম্পন্ন হলে ‘The command completed successfully’ বার্তা দেখিয়ে সেটি নিশ্চিত করবে। এবার কম্পিউটার বন্ধ করে পুনরায় চালু (রিস্টার্ট) করুন। লগইন পর্দায় ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে কম্পিউটার খুলে অ্যাপ পুনরায় চালানোর চেষ্টা করুন।