উইন্ডোজ ফোন আনল বাংলালিংক ও আমরা

দেশের বাজারে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে মোবাইল অপারেটর বাংলালিংক ও প্রযুক্তিপ্রতিষ্ঠান আমরা স্মার্ট সল্যুশনস। গতকাল রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘বাংলালিংক আমরা এ১০ বি’ নামের এই স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিসিও) শিহাব আহমাদ, জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক সোলাইমান আলম ও আমরা স্মার্ট সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ।
বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনে অফিস সফটওয়্যারটি সমর্থন করে যা, উইন্ডোজ ফোনের জন্য একটি বাড়তি সুবিধা। এ ছাড়াও এতে এক্সবক্সের গেমিং অভিজ্ঞতা পাওয়া যায়। আমরা স্মার্ট সল্যুশনস ও বাংলালিংক মিলে থ্রিজি স্মার্টফোনটি এসেছে। চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন প্রসেসর, এক জিবি র্যাম। ফোনটির পেছনে পাঁচ ও সামনে শূন্য দশমিক তিন মেগাপিক্সেলের ক্যামেরা। দুই সিম সুবিধার স্মার্টফোনটিতে ব্যাটারি এক হাজার ৪২০ মিলি অ্যাম্পিয়ারের।
ফোনটির দাম পাঁচ হাজার ৪০০ টাকা। গ্রাহকেদের জন্য এই ফোনটির সমমূল্যের বান্ডিল অফার ঘোষণা দিয়েছে বাংলালিংক। সারা দেশে সকল বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার, বাংলালিংক পয়েন্টে এই হ্যান্ডসেট পাওয়া যাবে। ক্রেতারা এই হ্যান্ডসেটের সঙ্গে বাংলালিংকের দেওয়া উপহারও পাবেন।
আজ ৪ সেপ্টেম্বর থেকে এই ফোনটির আগাম ফরমায়েশ নেওয়া শুরু করছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের সাইট থেকে আগাম ফরমায়েশ দেওয়া যাবে।