উইন্ডোজ ফোনে চলবে না স্কাইপ অ্যাপ!

উইন্ডোজ ফোন ৮ ও ৮.১ সংস্করণে এ বছরের অক্টোবর মাস থেকে স্কাইপ অ্যাপটির সমর্থন তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট। আগামী বছরের শুরু থেকে এ অ্যাপ মোটেও চালানো যাবে না উইন্ডোজ ফোনে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই দুটি সংস্করণ ছাড়াও অ্যান্ড্রয়েড ফোনের ৪.০. ৩ বা তার আগের সংস্করণ ও উইন্ডোজ আরটি সংস্করণে স্কাইপ অ্যাপটি ব্যবহার করার সুযোগ থাকছে না।
মাইক্রোসফটের স্কাইপ সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, স্কাইপ কলিংকে ক্লাউডিভিত্তিক করার ফলে বেশ কয়েকটি পুরোনো অপারেটিং সিস্টেমে এই সুবিধা সীমিত হয়ে পড়বে।
অবশ্য এর আগে মাইক্রোসফট বলেছিল, উইন্ডোজ ৭,৮, এক্সপি, ভিস্তা, ইয়োসমাইট, ম্যাক ও আইওএস ৮ এ স্কাইপ অ্যাপ ব্যবহার করা যাবে। স্কাইপপ্রধান গুরদীপ পাল বলেন, ‘এ সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু স্কাইপকে সামনে এগিয়ে নিতে এটি দরকার ছিল। এতে ডিভাইসে আমরা নতুন অভিজ্ঞতা দিতে পারব।’
মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, আইফোন, আইপ্যাড ও অ্যান্ড্রয়েডের জন্য আরও হালকা, দ্রুতগতির ও রেসপন্সিভ স্কাইপসেবা দিতে নতুন সংস্করণ ছাড়া হবে। তথ্যসূত্র: ফোনঅ্যারেনা, টেকটাইমস।