উইন্ডোজ ফোনে ভাইরাস-ঝুঁকি কম
উইন্ডোজ ফোনে ভাইরাস প্রতিরোধী ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন স্মার্টফোন প্রতিরক্ষা গবেষকেরা। তাঁদের মতে, উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের জন্য এখনো মারাত্মক হুমকি হতে পারে—এমন কোনো ভাইরাস-ঝুঁকি দেখা যায়নি। টেলিগ্রাফ অনলাইনের পরামর্শ বিভাগে এ তথ্য জানানো হয়েছে।গবেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ফোনের অপারেটিং সিস্টেম এখনো নতুন এবং বাজারের ক্ষুদ্র অংশ উইন্ডোজের দখলে। এ কারণে উইন্ডোজনির্ভর স্মার্টফোনে ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি কম। এ ছাড়া উইন্ডোজ ফোনে ম্যালওয়্যার প্রতিরোধী বিশেষ ব্যবস্থা ও ভাইরাসযুক্ত অ্যাপ্লিকেশন নজরদারি করার বিশেষ ব্যবস্থা রয়েছে।অবশ্য এ স্মার্টফোনকেও শতভাগ সুরক্ষিত বলা যাবে না। এ মুহূর্তে উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে, ভুয়া স্ক্যাম। ভুয়া স্ক্যাম বা প্রচারণার কবলে পড়ে অনেকে ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে নকল অ্যান্টিভাইরাস কিনে প্রতারিত হচ্ছেন।উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের ভাইরাস আক্রমণ বিষয়ে আতঙ্কিত না হতে এবং ভুয়া অ্যান্টিভাইরাস কেনা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা।