উইন্ডোজ বদলে লিনাক্সে যাচ্ছে মহাকাশ স্টেশন
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কম্পিউটারগুলোতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বদলে আসছে উন্মুক্ত লিনাক্স অপারেটিং সিস্টেম।মহাকাশ স্টেশনের এক ডজনেরও বেশি ল্যাপটপ যাতে হ্যাক না হয় এবং তা সহজে নিয়ন্ত্রণ করা যায় সে লক্ষেই উইন্ডোজ ছেড়ে লিনাক্স বেছে নিয়েছেন গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।মহাকাশ স্টেশনে বিশেষ নেটওয়ার্ক তৈরিতে ব্যবহূত ল্যাপটপগুলো থেকে উইন্ডোজ সরিয়ে ফেলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষক কেথ চুভালা জানিয়েছেন, আমাদের নির্ভরযোগ্য একটি অপারেটিং সিস্টেম প্রয়োজন, যার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি। সফটওয়্যারের নতুন আপডেটগুলো যাতে সহজেই আমাদের পদ্ধতির সঙ্গে মানানসই হয়, সে লক্ষেই উন্মুক্ত অপারেটিং সিস্টেম বেছে নেওয়া হয়েছে।’লিনাক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিনাক্স অপারেটিং সিস্টেম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বেশ কয়েকটি সিস্টেমে ব্যবহূত হচ্ছে। ২০১১ সালে মহাকাশ স্টেশনে পাঠানো বিশ্বের প্রথম ‘রোবোনাট’ লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর। এ রোবটটি মহাকাশ স্টেশনে নভোচারীদের জন্য বিপদজনক কাজগুলোকে সহজ করে দেয়। এর আগে ২০০৮ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উইন্ডোজনির্ভর কম্পিউটার ভাইরাস আক্রমণের ঝুঁকিতে পড়েছিল।এদিকে রাশিয়ার গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিদ্র হয়ে অ্যামোনিয়া নির্গত হওয়ার কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। অ্যামোনিয়ার নির্গমন রোধে গবেষকেদের জরুরি ভিত্তিতে কাজ করতে হবে।