মাইক্রোসফট উইন্ডোজ ৮ ও ৭\ লেখক: বাপ্পি আশরাফ\ দাম: ৩৫০ টাকা\ পৃষ্ঠা: ৪৫৪\ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\যাঁরা কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের কাছে অপারেটিং হিসেবে বেশ জনপ্রিয় মাইক্রোসফটের উইন্ডোজ। এর আগের উইন্ডোজ এক্সপি সংস্করণের সঙ্গে যাঁরা পরিচিত, তাঁদের কাছে উইন্ডোজ ৭, ৮ কিংবা উইন্ডোজ লাইভ কিছুটা কঠিন মনে হতে পারে। কারণ, উইন্ডোজের এসব সংস্করণে এসেছে বেশ কিছু পরিবর্তন। যাঁরা উইন্ডোজের এসব সংস্করণ ব্যবহার করতে চান, তাঁদের কথা মাথায় রেখে প্রকাশিত হয়েছে মাইক্রোসফট উইন্ডোজ ৮ ও ৭ বইটি। বইটি লিখেছেন বাপ্পি আশরাফ। এ বইতে ৩৪টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে উইন্ডোজের ৮ ও ৭ সংস্করণের নানা বিষয়। প্রতিটি অধ্যায়ের বিষয়ের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। এতে জানা যাবে ডেস্কটপ ব্যবস্থাপনা, পর্দা-সংক্রান্ত বিভিন্ন কমান্ড, হার্ডওয়্যার, ক্লাউড কম্পিউটিং, উইন্ডোজ লাইভ মুভি মেকার, লাইভ ফ্যামিলি সেফটি, স্কাইড্রাইভ, লাইভ ম্যাসেঞ্জার, ফটো গ্যালারি, লাইভ রাইটার, সফটওয়্যার ইনস্টল করা, সিস্টেম প্রপার্টিজের ব্যবহার, মডেম ব্যবহার, সিডি বা ডিভিডি রাইট করা, উইন্ডোজ সেটআপ ইনস্টল করা ইত্যাদি। এ ছাড়া জানা যাবে কম্পিউটার ভাইরাস, রিমোট ডেস্কটপ সেটিং, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, মুঠোফোনের ব্যবহার, সমস্যা সমাধান ইত্যাদি। বইটিতে আরও রয়েছে ইউজার অ্যাকাউন্ট-সংক্রান্ত কমান্ড, উইন্ডোজ এক্সপ্লোরারের ব্যবহার, নোটপ্যাডে কাজ করার পদ্ধতি, ক্যালকুলেটর, গেম ও মিডিয়া প্লেয়ার ইত্যাদি। যাঁরা নতুন করে উইন্ডোজ ৭ কিংবা ৮ ব্যবহার করছেন, তাঁরা বইটির মাধ্যমে উপকৃত হবেন। —রাহিতুল ইসলাম