উইন্ডোজ ১০ চালিত ডেস্কটপে এল ইনস্টাগ্রাম
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ডেস্কটপ ও ট্যাবলেটের জন্য উন্মুক্ত হয়েছে ইনস্টাগ্রাম অ্যাপ। উইন্ডোজ ১০ মোবাইল প্ল্যাটফর্মে এটি আগে এলেও এত দিন শুধু মোবাইল ডিভাইসে এটি সীমাবদ্ধ ছিল। উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে উইন্ডোজ ১০ পিসি ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ডাউনলোড করে নিতে পারবেন।
পিসিতেও ইনস্টাগ্রাম অ্যাপটি মোবাইলের মতোই ব্যবহার করা যাবে। ডিভাইস থেকে ছবি তোলা, সম্পাদনা ও সরাসরি শেয়ার করা যাবে। এই অ্যাপটিতে স্টোরিজ, ডিরেক্ট, এক্সপ্লোরের মতো ফিচার আছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ১০ চালিত ট্যাবলেট কম্পিউটারে ইনস্টাগ্রাম অ্যাপটি ভালো চলবে।
এ বছরের এপ্রিলে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম—এ তিনটি গুরুত্বপূর্ণ অ্যাপ উইন্ডোজ প্ল্যাটফর্মে যুক্ত হয়।
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য তৈরি ইনস্টাগ্রাম অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ১০০ কোটিবার ডাউনলোড হয়েছে। ৫০ কোটি ব্যবহারকারী এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করছেন।
তথ্যসূত্র : এনডিটিভি