উইন্ডোজ ১০ নিয়ে মজিলার সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজিলা
মজিলা

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ডিফল্ট আকারে যে ব্রাউজার দেওয়া থাকবে তা পরিবর্তন করতে ব্যবহারকারীকে কিছুটা বেগ পেতে হবে। এ বিষয়টি সহজ না করায় মাইক্রোসফটের সমালোচনা করেছে ফায়ারফক্স ব্রাউজার নির্মাতা মজিলা।
উইন্ডোজের পুরোনো সংস্করণগুলোতে ওয়েব ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, ক্যালেন্ডার প্রভৃতি ডিফল্ট অ্যাপগুলো পরিবর্তন করা সহজ ছিল। কিন্তু উইন্ডোজ ১০ এ এই সহজ সুবিধা রাখেনি মাইক্রোসফট। এ জন্য ব্যবহারকারীকে বাড়তি কষ্ট করতে হবে।
মজিলার প্রধান নির্বাহী ক্রিস বেয়ার্ড বলেছেন, ডিফল্ট ব্রাউজার পরিবর্তন করার জন্য দ্রুত পপ-আপ সংস্করণটি রাখেনি মাইক্রোসফট। ব্রাউজার পরিবর্তন করতে গেলে একাধিক ধাপ পার হতে হবে ব্যবহারকারীকে। উইন্ডোজ ১০ ব্যবহারকারীর পছন্দের ওপর জোর করে একটি বিষয় চাপিয়ে দেওয়ার মতো বিষয়।
প্রসঙ্গত, ইন্টারনেট এক্সপ্লোরারকে অবসরে পাঠিয়ে উইন্ডোজ ১০ এ এজ নামে নতুন ব্রাউজার এনেছে মাইক্রোসফট। তাদের দাবি, এটি গুগল ক্রোমের চেয়েও দ্রুতগতির ব্রাউজার।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাকে উদ্দেশ্য করে একটি ব্লগ পোস্টে মজিলার প্রধান নির্বাহী লিখেছেন, এখন ব্রাউজার বদলাতে গেলে ব্যবহারকারীকে আগের চেয়ে দ্বিগুণের বেশি মাউস ক্লিক করতে হবে, অনেক কনটেন্ট স্ক্রলিং করতে ও কারিগরি বিষয় বুঝতে হবে। এটা বিভ্রান্তিকর এবং ব্যবহারকারী সহজে এটা করতে পারবেন না।

যখন ডিফল্ট অ্যাপ সরিয়ে উইন্ডোজ ১০ এ থার্ড পার্টির অ্যাপ্লিকেশন ইনস্টল করার চেষ্টা করা হয়, তখন একটি সেটিংস পেজে নিয়ে যায় মাইক্রোসফট। তাদের দাবি, এতে ব্যবহারকারীর বাড়তি অ্যাপ ব্যবহারের ঝামেলা কমবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বিশ্লেষকেরা বলছেন, নিরাপত্তার দিক বিবেচনায় ধরলে মাইক্রোসফটের এই সিদ্ধান্তটি ঠিক আছে। এ ছাড়া তারা এক্সপ্লোরারকে হটিয়ে নতুন ব্রাউজার ‘এজ’ এনেছে। এজকে তো জনপ্রিয় করতে হবে!