উইন্ডোজ ৮ এক মাসে বিক্রি ৪ কোটি
মাত্র এক মাসে চার কোটি উইন্ডোজ ৮ সফটওয়্যার বিক্রি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের কর্মকর্তা ট্যামি রেলারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মাইক্রোসফটের দাবি, উইন্ডোজ ৮ সফটওয়্যারটি উইন্ডোজ ৭ এর চেয়ে দ্রুত বিক্রি হচ্ছে। ২৬ অক্টোবর এ অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করার পর এখন পর্যন্ত চার কোটি ইউনিটেরও বেশি বিক্রি হয়েছে। ২০০৯ সালে বাজারে আসা উইন্ডোজ ৭ সফটওয়্যারটির ক্ষেত্রে ৬ কোটি ইউনিট বিক্রি হতে দুই মাসের বেশি সময় লেগেছিল।প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বে ১৫০ কোটি ব্যক্তিগত কম্পিউটারের মধ্যে মাত্র এক শতাংশ কম্পিউটারে উইন্ডোজ ৮ ব্যবহূত হচ্ছে।এদিকে মাইক্রোসফট উইন্ডোজের বিক্রি ভালো হয়েছে বলে দাবি করলেও প্রযুক্তি বিশ্লেষকেরা তা মনে করছেন না। সম্প্রতি মাইক্রোসফট ছেড়ে উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কির চলে যাওয়া, সারফেস ট্যাবলেটের ক্ষেত্রে আশানুরূপ সাড়া না পাওয়ায় সমালোচনা করছেন গবেষকেরা।