উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে কাজ করছেন কিন্তু এর কর্মক্ষমতায় (পারফরম্যান্স) তুষ্ট হতে পারছেন না? অনেক সময় কাজ করলেও সেটির ফল পেতে একটু সময় বেশি লাগলে উইন্ডোজ টাস্ক ম্যানেজার আপনাকে কিছু সমাধান দেবে, যেটিতে আপনি তুষ্ট না হলেও আফসোস কিন্তু কমবে। এ জন্য Ctrl+Shift+Esc কি গুলো একসঙ্গে চেপে দেখে নিতে পারেন কোন প্রসেস কী রকম সময় নিয়ে কাজ করছে। যেকোনো একটিতে মাউসের রাইট বোতাম চেপে More Details এ ক্লিক করলে কম্পিউটারে প্রসেসের সিপিইউ টাইম, র্যাম, হার্ডড্রাইভ এবং নেটওয়ার্ক ব্যান্ডউইথ দেখাবে। আগের সব উইন্ডোজের টাস্ক ম্যানেজারের থেকে এখানে আরও গভীরভাবে ডাটা প্রসেসের সবকিছু বিস্তারিত দেখতে পারবেন। Performance ট্যাবে ক্লিক করলে কয়েক মুহূর্ত আগের ব্যবহূত যন্ত্রাংশের (হার্ডওয়্যার) কর্মক্ষমতা একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেখতে পারবেন। কী কী অ্যাপস চালিত হয়েছে তার বিস্তারিত ইতিহাস এখানে পর্যালোচনা করা যাবে। আর বুট সময় ধীরগতির হলে নতুন Startup ট্যাবে গিয়ে দেখতে পারবেন কোন কোন অ্যাপস কম্পিউটার চালুর সময় লোড হচ্ছে। প্রয়োজনে অব্যবহূত অ্যাপস অচল (ডিসেবল) করে দেওয়া যাবে। Startup impact থেকে দেখে নিতে পারবেন কোনটির প্রভাবে কম্পিউটারের গতি কমে যাচ্ছে। যেটি দরকার নেই সেটিতে মাউসের রাইট বোতাম চেপে Disable করে দিন। উইন্ডোজ ৮-এর এমন টাস্ক ম্যানেজার পছন্দ না হলে Win + R কি একসঙ্গে চেপে রান চালু করে সেখানে TaskMGR লিখে এন্টার করলে উইন্ডোজ ৭-এর স্টাইলের টাস্ক ম্যানেজার চলে আসবে। —মো. রাকিবুল হাসান