উইন্ডোজনির্ভর ট্যাব, ফ্যাব, স্মার্টফোন আনছে হুয়াউয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট, ফ্যাবলেট ও স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে চীনের টেলিকম পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে। চলতি বছরের শেষ নাগাদ হুয়াউয়ে ব্র্যান্ডের উইন্ডোজনির্ভর স্মার্টফোন বাজারে আসতে পারে। ২৫ সেপ্টেম্বর এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।হুয়াউয়ে টেকনোলজিস বর্তমানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান। টেলিকম প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে প্রযুক্তি পণ্যের বাজার দখলে উইন্ডোজনির্ভর স্মার্টফোন ব্যবসায় যাচ্ছে হুয়াউয়ে।এ প্রসঙ্গে হুয়াউয়ের পণ্য বিভাগের প্রধান নির্বাহী ওয়ান বিয়াও জানিয়েছেন, ‘ভোক্তারা যা কিছু পছন্দ করবে, হুয়াউয়ে তাই বানাতে শুরু করবে।’২৪ সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে ওয়ান বিয়াও জানিয়েছেন, ‘স্মার্টফোনের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করবে হুয়াউয়ে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান হুয়াউয়েকে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে না দেয়, সেক্ষেত্রে নিজস্ব অপারেটিং সিস্টেমে চলে যাবে হুয়াউয়ে। বর্তমানে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তৈরি করে প্রতিষ্ঠানটি। হুয়াউয়ের প্রধান নির্বাহী ওয়ান জানিয়েছেন, উইন্ডোজ নির্ভর স্মার্টফোন ছাড়াও ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনের চেয়ে বড় কিন্তু ট্যাবলেটের চেয়ে ছোটো আকারের ফ্যাবলেট তৈরির চিন্তা করছে প্রতিষ্ঠানটি। এ ব্যবসায় আরও বিনিয়োগের কথাও জানিয়েছেন তিনি।এদিকে প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, মোবাইল পণ্যের বাজারে হুয়াউয়েকে অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। কেননা, ডেভেলপাররা এখন অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে ছোটো আকারের প্ল্যাটফর্মে যেতে চান না। এ ছাড়াও হুয়াউয়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মোবাইল পণ্যের ব্র্যান্ড নাম। তাঁদের পরামর্শ হচ্ছে, হুয়াউয়েকে অবশ্যই তাঁদের নিজস্ব হুয়াউয়ে ব্র্যান্ড নামটি ছেড়ে মোবাইল পণ্যের বাজারে নতুন আকর্ষণীয় ব্র্যান্ড নাম খুঁজে নিতে হবে।