অন্ধকার বা কম আলোতে দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করলে মনিটরের আলো চোখের ওপর চাপ ফেলে। এতে দৃষ্টিসমস্যার পাশাপাশি ঘুমেরও ব্যাঘাত হয় অনেকের। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে নাইট মোড সুবিধা ব্যবহার করে এ সমস্যার সমাধান করা যায়।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের সেটিংস থেকে খুব সহজেই নাইট মোড সুবিধা চালু করা যায়। এ জন্য প্রথমে Windows ও ‘I’ কি একসঙ্গে চেপে সেটিংসে প্রবেশ করতে হবে। এবার সেটিংসের বাঁ পাশে থাকা System মেনু নির্বাচনের পর Display অপশনে ক্লিক করতে হবে।
Display অপশন চালুর পর Brightness and color সেকশনে থাকা Night light নির্বাচন করলেই নাইট মোড সুবিধা চালু হয়ে যাবে। চাইলে নির্দিষ্ট সময়ের জন্য নাইট মোড চালু বা বন্ধ করা যায়। নাইট মোডের Schedule night light অপশন থেকে Sunset to sunrise নির্বাচন করলে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে নাইট মোড চালু থাকবে। চাইলে Set hours অপশন থেকে ইচ্ছেমতো সময়ে নাইট মোড চালু বা বন্ধ করা যাবে।