উইন্ডোজের ভাগ্য নির্ধারণ করছে মাইক্রোসফট

পিসি, ট্যাব আর স্মার্টফোনের জন্য উইন্ডোজ ৮, উইন্ডোজ আরটি, উইন্ডোজ ফোন সফটওয়্যার এই তিনটি আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছে মাইক্রোসফট। কিন্তু মাইক্রোসফটের ডিভাইস বিভাগের প্রধান জুলি লারসন গ্রিন উইন্ডোজের ভবিষ্যত্ দেখছেন অন্যত্র। সম্প্রতি ইউবিএস গ্লোবাল টেকনোলজি সম্মেলনে জুলি জানিয়েছেন, মাইক্রোসফট ভবিষ্যতে উইন্ডোজের জন্য শুধু একটি প্ল্যাটফর্মই রাখবে। অর্থাত্ উইন্ডোজের সব প্ল্যাটফর্মগুলোকে একীভূত করে একটি প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফটের উইন্ডোজ প্রধান টেরি মেয়ারসনও জুলি লারসন গ্রিনের মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন।
এদিকে, প্রযুক্তিবিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফট তাদের সব অপারেটিং সিস্টেমকে একত্রিত করে একটি একক উইন্ডোজ প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছে। আর এক্ষেত্রে শুরুতেই মাইক্রোসফট তৈরি করছে একটি অ্যাপ স্টোর যেখানে একটি অ্যাপ স্টোরের মধ্যেই উইন্ডোজের সব অ্যাপ্লিকেশন পাবেন ব্যবহারকারীরা।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ফোন স্টোর আর উইন্ডোজ স্টোর এ দুটিকে একীভূত করার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। ২০১৪ সাল নাগাদ উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য একটি অ্যাপ্লিকেশন স্টোর চালু করবে মাইক্রোসফট।
মাইক্রোসফটের একীভূত অ্যাপ স্টোর থেকে উইন্ডোজনির্ভর সব পণ্যের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সুবিধাই থাকবে। এ ছাড়াও উইন্ডোজ ৮এর সব প্ল্যাটফর্মেই একই অ্যাপ্লিকেশন ব্যবহার করা সম্ভব হবে। উইন্ডোজ ফোন ৮ নির্ভর স্মার্টফোনের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে সেই অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয়ভাবেই উইন্ডোজনির্ভর ট্যাবলেট ও কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আবার উইন্ডোজ নির্ভর ডেস্কটপে তা ডাউনলোড করলে স্মার্টফোন ও ট্যাবলেটেও এটি ব্যবহার করা যাবে। ফলে একই অ্যাপ্লিকেশন উইন্ডোজের আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদাভাবে ডাউনলোড করার প্রয়োজন পড়বে না।
জুলি লারসন গ্রিন জানিয়েছেন, মোবাইল অপারেটিং সিস্টেমের ভবিষ্যত্. নিরাপত্তা, পণ্যের ব্যাটারি লাইফ ও খরচের কথা মাথায় রেখে উইন্ডোজের নতুন সংস্করণ তৈরির দিকে যাচ্ছে মাইক্রোসফট।
উইন্ডোজ নিয়ে পরিকল্পনার পাশাপাশি উইন্ডোজনির্ভর স্মার্টওয়াচ, স্মার্টগ্লাসের মতো পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন মাইক্রোসফটের শীর্ষ পর্যায়ের এই নারী কর্মকর্তা।