
আজ এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা সবাই নিজেদের ভাগ্যবান মনে করতে পারি। কারণ, আগের প্রজন্মের চেয়ে এখন কাজের ক্ষেত্রে নারীদের সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। আমাদের মধ্যে অধিকাংশই এমন একটা পরিবেশে বড় হয়েছি, যেখানে আমরা পেয়েছি পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা। পৃথিবীর সবখানে নারীরা কর্মক্ষেত্রে বিচরণ করলেও আশঙ্কার কথা হচ্ছে, এখনো তাঁরা কর্মক্ষেত্রে ওপরের সারির দিকে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। বিশ্বের সব দেশের সাংসদের সংখ্যার দিকে তাকালেই তা বোঝা যাবে। কারণ, পুরো পৃথিবীর সংসদে মাত্র ১৩ শতাংশের মতো নারী প্রতিনিধি রয়েছেন। করপোরেট দুনিয়ায় এই সংখ্যা ১৫ থেকে ১৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। ২০০২ সাল থেকে এই অনুপাত প্রায় একই রয়েছে, বরং বলতে গেলে দিনকে দিন আরও খারাপ হচ্ছে।নারীদের আরও কিছু কঠিন সীমাবদ্ধতা রয়েছে। নারীদের সব সময়ই পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের চাওয়া-পাওয়া নিয়েও গভীর সমস্যায় পড়তে হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি জরিপে দেখা গেছে, উচ্চপদে আসীন ম্যানেজারদের, যাঁরা বিবাহিত এবং যাঁদের সন্তান রয়েছে, তাঁদের সংখ্যা এ ক্ষেত্রে এক-তৃতীয়াংশের বেশি নয়। তাই এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেমন করে এই সমস্যার সমাধান করতে পারি? ওপরের সারিতে আমরা কেমন করে আরও বেশি নারীকে সম্পৃক্ত করতে পারি? আমি বলি, আমরা নারীদের যদি চাকরিক্ষেত্রে আরও বেশি করে সুযোগ দিতে পারি, তাহলেই এর একমাত্র সমাধান বের হয়ে আসবে। কিন্তু নারীরা শুরু করলেও শেষ পর্যন্ত কেমন করে যেন ঝরে পড়েন। সত্যিটা বলি, আসল সমাধান সম্পর্কে আমি নিজেও জানি না। গত সোমবার আমি যখন সানফ্রান্সিসকো থেকে এই কনফারেন্সে আসার জন্য প্লেন ধরছি, তখন আমার তিন বছরের ছোট্ট মেয়ে আমাকে বলেছে, ‘মা, তুমি যেয়ো না।’ নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হয়েছে তখন। সব নারীরই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে অনেকবার, আমি জানি। আজকের এই কথাগুলোর ভেতর থেকে আমি এই বার্তাই সবার কাছে পৌঁছে দিতে চাই, যদি নারী হিসেবে আপনি কর্মক্ষেত্রে একটা সামঞ্জস্য আনতে চান, তাহলে আপনাকে তিনটি কাজ করতে হবে। প্রথমত, আপনার কাজটি ঠিকভাবে চালিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, একজন সত্যিকারের জীবনসঙ্গী খুঁজতে হবে, যিনি আপনাকে সাহায্য করবেন। তৃতীয়ত, কোনোমতেই নিজে থেকে কর্মক্ষেত্রকে বিদায় বলা যাবে না, লড়ে যেতে হবে।
আমার খুব ইচ্ছা করে, তোমাদের মতো অসম্ভব মেধাবী তরুণ নারীদের গিয়ে বলি, ‘নিজের ওপর আস্থা রাখো এবং নিজের অবস্থানের জন্য লড়াই চালিয়ে যাও। নিজের সাফল্যের হকদার হও।’ খুব ইচ্ছা করে, আমি আমার মেয়েকে এই কথাগুলোই বলি, কিন্তু আসলে বলাটা এত সহজ নয়।
দ্বিতীয় কথা, তোমার জীবনসঙ্গী যেন সত্যিকার একজন জীবনসঙ্গী হয়। যদিও বা একজন নারী ও একজন পুরুষ পূর্ণ সময়ের কর্মক্ষেত্রে শ্রম দেন, তবু দেখা যায়, বাসার নিত্যপ্রয়োজনীয় কাজগুলোর ক্ষেত্রে নারীকে পুরুষের তুলনায় দ্বিগুণ কাজ করতে হচ্ছে। সন্তান লালন-পালনের ক্ষেত্রে তা হয়ে দাঁড়ায় তিন গুণ। তাই একজন নারীকে একসঙ্গে তিন দিক সামলাতে হচ্ছে, পুরুষটিকে শুধু একটি মাত্র দিক দেখলেই চলছে। যখন এমন কোনো জরুরি সময় আসে একজনকে বাসায় থাকতেই হবে, কী মনে হয় তখন, কে এই ত্যাগ স্বীকার করেন? সেই নারী।
আমি মনে করি, সমাজ থেকেই আমাদের ছেলেদের ওপর মেয়েদের থেকে বেশি চাপ সৃষ্টি করা হয় সফল হওয়ার জন্য। তাই বাসায় যেসব নারী কাজ করছেন, তাঁদের এই কাজকেও বাইরে কাজ করার মতো সমান গুরুত্ব দিয়ে নিতে হবে। কারণ, পৃথিবীর সব কাজের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। যদি আমরা নারীদের কর্মক্ষেত্রে রাখতে চাই, তাহলে তাঁদের জন্য সমান সুযোগের একটা কর্মপরিবেশ তৈরি করে দিতে হবে।
তৃতীয় কথাটি হলো, শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। যে মেয়েটি কর্মক্ষেত্রে খুব ভালো করছিল; হঠাৎ যখন সে বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন থেকেই যেন সব উল্টো হওয়া শুরু করে। তারপর যখন সে সন্তানের কথা ভাবে; যেদিন থেকে এই ভাবনা শুরু হয়, সেদিন থেকে মেয়েটি নিজের কর্মক্ষেত্র ও অনাগত সন্তানকে নিয়ে একটি অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে যায়। দুই-তিন বছর পর কী হবে, তার সন্তানকে তখন কে দেখাশোনা করবে—এসব নিয়ে তখন থেকেই সেই মেয়ের চিন্তার শেষ থাকে না। সে তার চাকরির পদোন্নতি ছেড়ে দেয়, নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া থেকে নিজেকে বিরত রাখা শুরু করে।
দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, আমার নিজের প্রজন্ম এই অবস্থার উন্নতি করতে পারবে না। তাদের মধ্যে সেই ইচ্ছা আমি দেখি না। আমাদের সময়ে হয়তো বা কর্মক্ষেত্রের ওপরের সারির ৫০ শতাংশ স্থান নারী পূর্ণ করতে পারবে না। কিন্তু আমি আশাবাদী পরবর্তী প্রজন্ম নিয়ে।
আমি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে নারীরা দেশগুলোর অর্ধেক পরিচালনা করবেন। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদের অর্ধেক নারীদের দিয়ে পরিচালিত হবে। এটা হবে একটা সুন্দর পৃথিবী। আমার ছেলেটির বয়স পাঁচ আর মেয়েটির বয়স তিন বছর। আমি চাই, আমার ছেলেটি যেন কর্মক্ষেত্র অথবা বাড়ির কাজের যেকোনো একটাকে বেছে নিতে পারে। আর চাই, আমার মেয়েটি যেন সেই পরিবেশটুকু পায়, যেখানে তার সাফল্যের সমান সুযোগই কেবল থাকবে না, বরং সে পরিচিতিও পাবে তার সাফল্যের জন্য। ধন্যবাদ সবাইকে।
সূত্র: ওয়েবসাইট
ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ:
আফরিনা হোসেন