উচ্চতা বাড়ছে সমুদ্রপৃষ্ঠের
কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত প্রায় দুই দশকের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন অঞ্চলভেদে পার্থক্য থাকলেও সার্বিক বিবেচনায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। খবর বিবিসির।যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম উপগ্রহের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সমুদ্রের উচ্চতা বিষয়ক একটি মানচিত্র তৈরি করেছেন।গবেষকরা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছরে তিন মিলিমিটার করে বাড়ছে। তবে অঞ্চলভেদে এর পার্থক্য রয়েছে। উদাহরণ হিসেবে ফিলিপাইন সমুদ্রের কথা উল্লেখ করেছেন তাঁরা। গবেষকদের মতে, এ সাগরে প্রতি বছর ১০ মিলিমিটার করে উচ্চতা বাড়ছে।এ প্রসঙ্গে গবেষক স্টিভেন নেরেম জানিয়েছেন, গত ২০ বছরের তথ্য-উপাত্ত নির্ভর মানচিত্রটি সমুদ্রের উচ্চতা বৃদ্ধির গড় পার্থক্য তুলে ধরেছে। ইতালির ভেনিসে অনুষ্ঠিত ‘টোয়েন্টি ইয়ার্স অব প্রোগ্রেন ইন রাডার অ্যালটিমার্টি’ নামের এক সম্মেলনে এ মানচিত্রটি দেখিয়েছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, এ গবেষণা সমুদ্রের দীর্ঘমেয়াদি উচ্চতা বেড়ে যাওয়া প্রসঙ্গে ধারণা দেবে। পাশাপাশি সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া ও সমুদ্রের পরিবর্তন বিষয়ে বুঝতে সাহায্য করবে। পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের পানিতে অতিমাত্রায় তাপ শোষণ ঘটছে। গবেষকরা ধারণা করছেন- হিমবাহ গলে যাওয়ার কারণে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে।