উচ্চমাধ্যমিক কম্পিউটার শিক্ষার পাঠক্রম পায়নি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০১২ সালের উচ্চমাধ্যমিক কম্পিউটার শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা এখনো কোনো পাঠক্রম হাতে পায়নি। তাদের পরীক্ষার সম্ভাব্য সময় মার্চ-এপ্রিল। আগামী মাসেই নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু অভিযোগ রয়েছে, বোর্ডের অধীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১০-২০১১ শিক্ষাবর্ষের কম্পিউটার শিক্ষার কোনো পাঠক্রম এখনো পর্যন্ত পাঠানো হয়নি। এ অবস্থায় কেউ কেউ নিজস্ব উদ্যোগে ঢাকা বোর্ডের পাঠক্রম সংগ্রহ করে পাঠদান করলেও বেশির ভাগ শিক্ষক-শিক্ষার্থী অনিশ্চয়তায় ভুগছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের কম্পিউটার শিক্ষা বিভাগের প্রভাষক কাজী জামাল উদ্দিন বলেন, ‘হাতে সময় খুবই কম। তাই নিজস্ব উদ্যোগে ঢাকা বোর্ডের সিলেবাস (পাঠক্রম) সংগ্রহ করে পড়াচ্ছি। বোর্ডের পাঠক্রম কবে পাওয়া যাবে বুঝতে পারছি না।’জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) হঠাৎ করেই কম্পিউটার শিক্ষা বিষয়ের পাঠক্রম পরিবর্তন করে। কিন্তু তাও কেবল এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে জানানো হয়নি। সম্প্রতি নতুন পাঠক্রম প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। কিন্তু চট্টগ্রাম বোর্ড এখনো কোনো পাঠক্রম সরবরাহ করতে পারেনি। এ সম্পর্কে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘এনসিটিবি থেকে গত সপ্তাহে আমাদের এ ব্যাপারে চিঠি দেওয়া হয়। গত রোববার আমি নতুন পাঠ্যক্রম হাতে পেয়েছি। বিভিন্ন কলেজে তা বিতরণের প্রক্রিয়া চলছে। আগামী দু-এক দিনের মধ্যে তা পৌঁছে দিতে পারব আশা করছি।’ —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম