উঠেছে বেজে ওই উৎসবের ঘড়ি এসো সবে মিলে আজ অঙ্ক করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রাণের উৎসব ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৩। গণিত উৎসব হলেও শুধু গণিত এই উৎসবের সবটুকু নয়। দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশের এই অনন্য আয়োজনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানবাজিছে দামামাগণিত উৎসব দরজায় উঁকি দিচ্ছে। ২৮ ডিসেম্বর কুমিল্লা উৎসবের মধ্য দিয়ে শুরু হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৩। আর এই উৎসবে প্রাণ পাবে ১১তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। দুটি উদ্দেশ্য নিয়ে ২০০১ সালে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় শুরু হয়েছিল ‘নিউরণে অনুরণন’। এক অভিনব গণিত অলিম্পিয়াড। সেখান থেকে আজ এই আয়োজন পরিণত হয়েছে দেশের গণিতপিপাসু শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রাণের উৎসবে। দিনাজপুরের এক অভিভাবক তাঁর মেয়েকে নিয়ে ঢাকায় থাকতে চেয়েছেন এক মাস। উদ্দেশ্য, ঢাকায় এসে গণিত অলিম্পিয়াডের জন্য কোচিং করাবেন মেয়েকে! কেবল প্রতিযোগিতার ব্যাপার নয়, উৎসবের ব্যাপারটিও এখন সবার প্রাণের অনুরণনে পরিণত হয়েছে। বরাবরের মতো এবারও আমাদের আয়োজনের দুটি উদ্দেশ্য। কলম্বিয়ায় হবে এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও), যারা সেখানে নিয়ে যাবে বাংলাদেশের পতাকা, তাদের খুঁজে বের করতে হবে। তবে সেটি গৌন উদ্দেশ্য। আমরা যদি কেবল আইএমওর জন্য সদস্য বাছাই করতাম, তাহলে নবম-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ছোট পরিসরে বাছাইটা করতে পারতাম। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা যাতে গণিতের আনন্দ খুঁজে পায়। পাঠ্যপুস্তকের বাইরে গণিতের যে বিশাল জগৎ, সেটার রস আস্বাদন করতে পারে। গণিত হলো বিজ্ঞানের প্রাণভোমরা। গণিতে সাবলীল হলে বিজ্ঞানে উৎকর্ষ হবেই। আর এই একুশ শতকে বিজ্ঞানই হলো দিন বদলের বড় হাতিয়ার।সব স্তরের শিক্ষার্থীর মধ্যে থেকে গণিতের ভীতি কাটিয়ে তোলার জন্যই এ আয়োজন। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা লড়বে তাদের ক্যাটাগরি অনুসারে। গণিতের এই আয়োজনকে আমরা প্রতিযোগিতা বলি না। বলি না বলেই এই উৎসবে জয়ী হন সবাই—শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। আর হ্যাঁ, আমাদের আয়োজক সহযোগী বন্ধুসভার বন্ধু আর গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবকেরাও। বিজয়ী তারাও।গণিত শেখো, স্বপ্ন দেখোঅনেকেই জানতে চান, আমাদের স্লোগানে কেন আমরা স্বপ্নের কথা বলি। আমরা অবশ্য রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, তার কথা বলি না। আমরা বলি সেই স্বপ্নের কথা, যা তোমাকে ঘুমাতে দেয় না। এই ছোট্ট বদ্বীপের মানুষের একটাই বড় স্বপ্ন—দেশটাকে বিশ্বসভায় সম্মানজনক স্থানে নিয়ে যাওয়া। তার জন্যই আমাদের যত প্রস্তুতি। আর শিক্ষার্থীদের প্রস্তুতির সময় যদি তাদের সুনির্দিষ্ট স্বপ্ন না থাকে, তাহলে প্রস্তুতি হয়ে যায় এলোমেলো। এ কারণে আমরা বলি স্বপ্নের পেছনে দৌড়াতে। আর দৌড়-ঝাঁপের সঙ্গেই গণিতের যত বন্ধন। গণিত মানুষকে দুটি বড় ভিত্তি দেয়—একটি হলো যৌক্তিক হতে শেখা। গণিতের সমস্যার সমাধানে যৌক্তিক ধাপগুলো অনুসরণ করতেই হয়। আর সমস্যা সমাধানের গাণিতিক হাতিয়ারগুলো শাণিত হলে তা বস্তুজগৎকে নিয়ন্ত্রণের রাস্তা বাতলে দেয়। নিউটন বা আইনস্টাইন যে বস্তুজগতের নানা নিয়ম আবিষ্কার করতে পেরেছেন, তার মূলে কিন্তু ওই গণিতেরই দক্ষতা। আইনস্টাইন তো তাঁর সাধারণতত্ত্বের জন্য গণিতের ভিন্ন একটি শাখাকে বিকশিত করেছেন।বিজ্ঞান দিয়েছে বেগবিজ্ঞানের আলোচনায় আমাদের দেশে একটি কথা হরহামেশাই আসে। দৃষ্টিপাত বইয়ে যাযাবর প্রথম এই কথা বলেছিলেন, ‘বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ।’ তবে বিজ্ঞান আর প্রযুক্তির সঙ্গে আবেগের সম্পর্ক নেই—এ কথা এখনকার ইন্টারনেট-ফেসবুকের যুগে অচল। বলা ভালো, সামাজিক যোগাযোগের ব্যাপারটিকে অন্য যাত্রায় তুলে দিয়েছে ইন্টারনেট। আর এই বিজ্ঞান-প্রযুক্তিকে কেন্দ্র করে বিকশিত হচ্ছে আমাদের বর্তমান, রচিত হচ্ছে ভবিষ্যৎ। গণিত উৎসবের চিরন্তন স্লোগানের পাশাপাশি প্রতিবছরই আমাদের একটি বাৎসরিক স্লোগান থাকে। কোনোবার ধান, কোনোবার স্বাস্থ্য কিংবা কখনো পতাকা থাকে আমাদের উপজীব্য। এবার আমরা বেছে নিয়েছি বিজ্ঞানকে। গণিত উৎসবের প্রাঙ্গণজুড়ে এবার থাকবে বিজ্ঞানের নানা আয়োজন। থাকবে বিজ্ঞানবিষয়ক পোস্টারসহ সহজে করা যায়, এমন সব এক্সপেরিমেন্টের ব্যবস্থা। আর জাতীয় উৎসবে থাকবে ‘বিজ্ঞান শো’! দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষায় আগ্রহী করে তোলার জন্য থাকবে বিজ্ঞানবিষয়ক কুইজও!নানা আয়োজনগণিত অলিম্পিয়াড কেবল গণিতের আয়োজন নয়, এই উৎসবে হাজির থাকেন প্রকাশকেরা তাঁদের বিজ্ঞান ও গণিতের নিত্যনতুন বই নিয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন। আর এ বছর শিক্ষার্থীদের বন্ধুতা পর্বের সময়ও বাড়ানো হবে, যাতে তারা নেটওয়ার্কিং করতে পারে। উৎসাহ দেওয়া হবে স্থানীয় গণিত ক্লাবগুলোকেও। আর উৎসবের গান আর গণিতজয়ের গান তো থাকবেই!শেষ মুহূর্তের প্রস্তুতিযারা অংশ নেবে, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রস্তুতি নেওয়ার সময় দেখে নাও পুরোনো বছরের প্রশ্নগুলো, যোগ দাও গণিত অলিম্পিয়াডের অনলাইন ফোরামে। ফেসবুক গ্রুপে গিয়ে জানতে পারো অন্যদের প্রস্তুতির কৌশল। যারা আগের দিনগুলোয় ভালো করেছে, তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাও।তৈরি হও, জেগে ওঠো এবং উৎসবে মাতো।তোমাদের জয় হোক।দেখা হবে গণিত উৎসবে...ধনঞ্জয় বিশ্বাসরৌপ্য পদকজয়ী (৫৩তম আইএমও)ব্রোঞ্জ পদকজয়ী (৫২তম আইএমও) গত বছরও অপেক্ষা করেছি এই উৎসবে অংশগ্রহণের জন্য; সঙ্গে ছিল রেজিস্ট্রেশন করার দৌড়াদৌড়ি। এবার হয়তো ওই দৌড়-ঝাঁপের অংশটা থাকবে না কিন্তু ঠিকঠিকই সকালে উপস্থিত হয়ে যাব উৎসবে। কারণ, এই উৎসব হলো আমার প্রাণের উৎসব।আমি আশা করি, এবারের এই একাদশতম গণিত অলিম্পিয়াডের মাধ্যমে এমন একটি গণিত দল বের হয়ে আসবে, যারা কলম্বিয়ায় অনুষ্ঠেয় ৫৪তম আইএমওতে বাংলাদেশের বিগত সালগুলোর সব সাফল্য ভেঙে দিবে। সবার প্রতি রইল শুভেচ্ছা।