উড়ন্ত পোকার গতিবিধি নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুবরে পোকার পিঠে লাগানো হয়েছে ছোট্ট যন্ত্রপাতি। ফলে আকাশে ওড়ার সময়ও প্রাণীটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে l ছবি: ইনডিপেনডেন্টের সৌজন্যে
গুবরে পোকার পিঠে লাগানো হয়েছে ছোট্ট যন্ত্রপাতি। ফলে আকাশে ওড়ার সময়ও প্রাণীটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে l ছবি: ইনডিপেনডেন্টের সৌজন্যে

মধ্য আকাশে উড়ছে একটি গুবরে পোকা। তার পিঠে যুক্ত রয়েছে একটি তারবিহীন ট্রান্সমিটার যন্ত্র এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির একটি খুদে থলে। আর পোকাটি কখন উড়বে আর কখন নেমে আসবে, ডানে নাকি বাঁয়ে যাবে—সেসব নিয়ন্ত্রিত হচ্ছে তারবিহীন যন্ত্রটির সাহায্যে।
গুবরে পোকার ওড়াউড়ি নিয়ন্ত্রণের এই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করেছেন সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের বার্কলিতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের প্রত্যাশা, এ গবেষণায় আরও অগ্রগতি হলে একসময় পোকামাকড়কে ড্রোন বা দূরনিয়ন্ত্রিত উড়ন্ত রোবটযানের খুদে বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।
প্রাণী বা পোকামাকড়ের গতিবিধি নিয়ন্ত্রণের কাজে যন্ত্রপাতির ব্যবহার আগেও হয়েছে। তবে উড়ন্ত গুবরে পোকার ওপর এ ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা বা প্রয়োগ এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।
গবেষক দলটির প্রধান হিরোতাকা সাতো বলেন, গুবরে পোকা অন্যান্য পতঙ্গের চেয়ে বেশি ভারী যন্ত্রপাতি বহন করতে পারে। তাই তাঁদের গবেষণায় এই পোকা বেছে নেওয়া হয়েছে। তাঁরা অনায়াসে একটি ছোট্ট মাইক্রোফোন এবং তাপীয় সংবেদী বা সেন্সর যুক্ত করেছেন গুবরে পোকার শরীরে। এতে প্রাণীটি অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রেরণ করতে পারবে। এই প্রযুক্তিতে এমন কিছু জায়গায় উদ্ধার ও অনুসন্ধানী কার্যক্রম চালানো যাবে, যা আগে কখনো সম্ভব হয়নি। যেমন বিধ্বস্ত কোনো ভবনের সরু ফাটল বা ছিদ্রের ভেতরেও এসব পোকামাকড় পাঠানো সম্ভব।
কারেন্ট বায়োলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, গুবরে পোকাটির পিঠে একটি ছোট্ট মাইক্রোপ্রসেসর এবং একটি অভ্যন্তরীণ তারবিহীন গ্রাহকযন্ত্র (রিসিভার)ও ট্রান্সমিটার লাগিয়ে দেওয়া হয়েছে। জায়ান্ট ফ্লাওয়ার বিটল নামে পরিচিত পোকাটি লম্বায় ছয় সেন্টিমিটার এবং এটির ওজন আট গ্রাম। পতঙ্গটির পিঠে লাগানো সম্পূর্ণ যন্ত্রটি তিন দশমিক নয় ভোল্টের লিথিয়াম ব্যাটারির সাহায্যে চলে। আর এটি ছয়টি মাইক্রোইলেকট্রোডের সঙ্গে যুক্ত। সেগুলো পোকাটির ডানায় যুক্ত করে দেওয়া হয়েছে। এই যন্ত্র ওড়ার সময় দিক নির্ণয়ে সহায়তা করে।
গবেষক সাতো বলেন, তাঁদের তৈরি তারবিহীন যন্ত্রটি ওই গুবরে পোকার স্নায়বিক ও পেশির স্বাভাবিক গতিবিধির তথ্য ধারণ করতে পারে। আর প্রাণীটি ওড়ার সময় বাঁক নিতে সেই পেশি ব্যবহার করে।
গবেষণাগারের ভেতরে যন্ত্রযুক্ত পতঙ্গটি ওড়ানোর পরীক্ষায় দেখা যায় হঠাৎ করে ডানে বা বাঁয়ে বাঁক নেওয়ার ব্যাপারটি সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর সে জন্য তারবিহীন যন্ত্রটির সাহায্যে কোনো মানুষের পাঠানো নির্দেশনা বা সংকেতগুলো সফল হয়েছে। এ ক্ষেত্রে মুক্ত পতঙ্গটি সম্পূর্ণ স্বাধীনভাবে উড়েছে, কোনো সমস্যা হয়নি।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল মাহারবিজ বলেন, দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে উড়ন্ত গুবরে পোকার গতিবিধি নিয়ন্ত্রণে তাঁরা সম্পূর্ণ সফল হয়েছেন। প্রকৌশল ও বিজ্ঞানের যৌথ অংশীদারির এটি এক অনন্য দৃষ্টান্ত। এতে দেখা যায়, বিদ্যুৎবাহী ছোট্ট যন্ত্রগুলো (ইলেকট্রোড) বিজ্ঞানের বড় পরিসরের মৌলিক ও আকর্ষণীয় অনেক প্রশ্নের সমাধান দিতে পারে। জীববিজ্ঞানীরা বন্দী পোকার ওড়ার সামর্থ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন অনেক আগে থেকেই। তবে প্রাণীগুলোর ওড়ার ওপর বন্দিত্বের কোনো প্রত্যক্ষ প্রভাব আছে কি না, স্পষ্ট হয়নি।
আগের অনেক গবেষণায় দেখা যায়, স্থলে চলন্ত পোকামাকড়ের গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব। উড়ন্ত প্রাণীর ক্ষেত্রে একই ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হলে সেটা সরু কোনো স্থানে অনুসন্ধানী পরীক্ষা-নিরীক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করবে।
সূত্র: ইনডিপেনডেন্ট