দক্ষিণ কোরিয়া তাদের অনলাইন গেম সাইট হ্যাক করার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে। সিউল বলেছে, পিয়ংইয়ং শুধু গেম সাইট হ্যাক করেনি, তারা বিভিন্ন গেমে জেতার জন্য পুরস্কারের অর্থও চুরি করেছে। উত্তর কোরিয়া অবশ্য এ অভিযোগ নাকচ করে দিয়েছে। দেশটি বলছে, দুই দেশের মধ্যে উত্তেজনা উসকে দেওয়ার জন্য সিউল এ ধরনের অভিযোগ এনেছে। সিউলের পুলিশ চলতি মাসের গোড়ার দিকে বলেছে, তারা একটি অপরাধী চক্রকে গুঁড়িয়ে দিয়েছে। ওই চক্র উত্তর কোরিয়া থেকে ৩০ জন হ্যাকারকে ভাড়া করে এনেছিল। এই হ্যাকাররাই অনলাইন গেম ওয়েবসাইটগুলোতে হামলা চালিয়েছে। তারা পুরস্কারের ৫৯ লাখ ডলারও চুরি করেছে। এই হ্যাকাররা সবাই উচ্চশিক্ষত এবং চীনের উত্তর-পূর্বে তারা বসবাস করছে। দক্ষিণ কোরিয়া কয়েক বছর ধরে তাদের দেশে যেকোনো ধরনের সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে। ২০০৯ সালে এবং চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়ার সরকারি ওয়েবসাইটগুলোতে বড় ধরনের হামলার জন্যও পিয়ংইয়ংকে দায়ী করেছে সিউল। এদিকে উত্তর কোরিয়া বলেছে, ‘এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। দক্ষিণ কোরিয়ার এ ধরনের আচরণ আমাদের প্রতি তাদের কট্টর মনোভাবের বহিঃপ্রকাশ। অন্যকে দোষারোপ করার এই প্রবণতা দক্ষিণ কোরিয়াকে অবশ্যই বন্ধ করতে হবে।’ —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান