প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রে ভালো করতে নিয়ম জেনে নাও।
সৃজনশীল অংশ: প্রশ্ন থাকবে ৯টি, উত্তর দিতে হবে ৬টি, মোট নম্বর ৬০। গদ্যাংশ থেকে ৩টি, কবিতাংশ থেকে ৩টি, আনন্দ পাঠ থেকে ৩টি। প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে ১টিসহ ৬টি প্রশ্নের উত্তর করতে হবে।
সৃজনশীল সঠিক কৌশলে না লিখলে নম্বর ভালো পাবে না। সৃজনশীল প্রশ্নে পাঠ্যবইয়ের পাঠ সম্পর্কিত অন্য একটি উদ্দীপক থাকে; যাকে অনুচ্ছেদও বলা হয়ে থাকে। অনুচ্ছেদের মূল ভাবনা থেকেই জ্ঞানভিত্তিক ১০ নম্বরের চারটি প্রশ্ন সাজানো হবে, যেগুলো হলো: ক) জ্ঞানমূলকে ১ নম্বর, খ) অনুধাবনমূলক ২ নম্বর, গ) প্রয়োগমূলক ৩ নম্বর ও ঘ) উচ্চতর দক্ষতামূলক ৪ নম্বর। কিন্তু তোমাদের জানতে হবে এই ১০ নম্বরের মধ্যে সৃজনশীল অংশে ১০টি অংশ রয়েছে। এই অংশগুলো অনুসরণে তোমাদের সৃজনশীল উত্তর দিতে হবে। তাহলেই ৮-৯ বা পূর্ণ নম্বরও পেতে পারো। এখন আমরা সৃজনশীলের ১০টি অংশ জানব।
ক. জ্ঞানমূলক অংশ: প্রদত্ত নম্বর-১ [পাঠ্যবই থেকে এক কথায় বা এক বাক্যে সঠিক উত্তর দেবে। এখানে কোনো বিষয়ভিত্তিক বিশ্লেষণের দরকার নেই।
খ. অনুধাবনমূলক: প্রদত্ত নম্বর-২ (১ + ১) [অংশ দুটি: জ্ঞানমূলকে-১ চিন্তা বিশ্লেষণে-১। প্রশ্নে যা চাইবে এক কথায় উত্তরের আসল বস্তু জ্ঞান আকারে লিখবে আর দ্বিতীয় প্যারায় বিশ্লেষণ করে সেটা সর্বোচ্চ তিন-চারটি বাক্য হলে ভালো হয়। এখানে কেনো, কী বোঝো, কথাটি ব্যাখ্যা করো, কথাটির অর্থ কী, কী বোঝানো হয়েছে ইত্যাদি ভাষায় প্রশ্নের উত্তর চাওয়া হয়। সরাসরি উত্তরের মূল উত্তর ও তার ব্যাখ্যা করবে।]
গ. প্রয়োগমূলক অংশ: প্রদত্ত নম্বর-৩ (১ + ১ + ১) [এখানে তোমাকে তিনটি অংশ বা প্যারা করে লিখতে হবে। অংশগুলো হলো: উত্তরের শুরুতেই প্রশ্নে চাওয়া মূল উত্তর নির্দেশ করবে। দ্বিতীয় প্যারায় প্রশ্ন মোতাবেক উদ্দীপক ও পাঠ্যের সম্পর্কগত বিষয় ধরে চিন্তাশক্তি ব্যাখ্যা করবে। তৃতীয় প্যারায় উদ্দীপক ও মূল পাঠ্যের বা মূল পাঠ্যের সঙ্গে উদ্দীপকের সম্পর্কগত আলোচনা করবে। মনে রাখবে, প্রয়োগ হলো উদ্দীপকের পরিস্থিতি ও জ্ঞানের আলোর সন্ধানবিশেষ। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সঙ্গে পাঠ্যবইয়ের কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ, তা খুঁজে বের করতে হবে। এই সামঞ্জস্যপূর্ণটিকে ধারণাপূর্বক ব্যাখ্যা করবে এবং পরে পাঠ্যের আলোকে মূল বিষয়টি তুলনামূলক আলোচনা করবে। শেষে একটি যুক্তিসংগত মন্তব্য উত্তরটিকে আরও প্রাণবন্ত করে তোলে।]
ঘ. উচ্চতর দক্ষতামূলক: প্রদত্ত নম্বর-৪ (১ + ১ + ১ + ১) [এখানে তুমি চারটি অংশ বা প্যারা করে লিখতে পারো। অংশগুলো হলো: উত্তরের শুরুতেই প্রশ্নে চাওয়া মূল উত্তর নির্দেশ করবে। দ্বিতীয় প্যারায় প্রশ্ন মোতাবেক উদ্দীপক ধরে চিন্তাশক্তি ব্যাখ্যা করবে। তৃতীয় প্যারায় উদ্দীপক ও মূল পাঠ্যের অথবা পাঠ্য ও উদ্দীপকের সম্পর্কগত আলোচনা করবে। চতুর্থ প্যারায় সার্বিক বিশ্লেষণ করবে। সে ক্ষেত্রে উদ্দীপক, মূল পাঠ্য বিষয় ও পারিপার্শ্বিক জীবনব্যবস্থার সঙ্গে মিল রেখে তোমার অনুভূতি প্রকাশ করতে পারো। এখানে প্রশ্নে বেশির ভাগ ক্ষেত্রে সাধারণত বিশ্লেষণ, মূল্যায়ন, আলোচনা, যৌক্তিকতা নিরূপণ বা পাঠ্যের মূল সম্পর্ক ফুটে উঠেছে কি না তার সত্যতা যাচাই করতে বলা হয়। এটি যেহেতু উচ্চতর দক্ষতামূলক, সে ক্ষেত্রে নিজের মতো করে বিষয়বস্তু আলোচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে]
বহুনির্বাচনী প্রশ্ন: মোট প্রশ্ন ৪০, মোট নম্বর ৪০,। গদ্যাংশ ১৫, কবিতাংশ ১৫, আনন্দ পাঠে ১০ নম্বর: তোমাদের তিনটি স্তর পার করে মোট ৪০টি প্রশ্নের উত্তর করতে হবে। মূল বই বারবার পড়ে গুরুত্বপূর্ণ লাইনের উত্তর মনে রাখবে। শব্দার্থ ও টীকা বারবার পড়বে। কবিতা, প্রবন্ধ বা গল্পের মূল বিষয়বস্তু অবশ্যই বের করতে হবে। লেখকের জন্মস্থান, জন্ম-মৃত্যু সাল, তাঁর রচিত গুরুত্বপূর্ণ প্রকাশনা বা গ্রন্থের নাম মনে রাখবে।
ক. সাধারণ বহুনির্বাচনী অংশ: এ অংশ জ্ঞানভিত্তিক স্মৃতিনির্ভর। এ ক্ষেত্রে প্রশ্নগুলো কখনো প্রশ্ন আকারে আবার কখনো অসম্পূর্ণ বাক্য হিসেবে দেওয়া থাকে, যা উদ্দীপক হিসেবে কাজ করে। এ বিভাগে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা—এ চারটি উপবিভাগ বিদ্যমান থাকে। মূল বই বারবার পড়লে এখান উত্তর নিতে পারবে।
খ. বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন: এই তথ্যের ওপর ভিত্তি করে পরে চারটি প্রশ্ন তৈরি করা হয়। রোমান বর্ণে দেওয়া এ প্রশ্নে অনেক সময় একাধিক উত্তর থাকে, যার উত্তর প্রদত্ত চারটি প্রশ্নে বিদ্যমান। সঠিকভাবে ভেবে এখানে উত্তর করতে হবে। এ স্তরে অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা যাচাই হয়।
গ. অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন: এখানে একটি উদ্দীপক পাবে, যার মাধ্যমে তোমাকে তথ্য সরবরাহ করা হবে। প্রশ্নগুলোর সঙ্গে একে অপরের মিল দেখতে পাওয়া যাবে। উদ্দীপক বড় হলে এখান থেকে অনুধাবনমূলক প্রশ্নও আসতে দেখা যায়। এখান থেকে মূলত প্রয়োগ ও উচ্চতর দক্ষতাকে যাচাই করা হয়। উদ্দীপকটি ভালোভাবে পড়ে মূল বইকে অনুসরণ করলে, এ অংশে ভালো করবে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা