উত্তর সঠিক হয়েছে
শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের কাছে শিক্ষার্থীদের জটলা। জটলার পরিধি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। চারদিক থেকে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের স্রোত এসে যেন এক মোহনায় মিলিত হচ্ছে ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। কারণ একটাই, শ্রীমঙ্গলের (মৌলভীবাজার) এই বিদ্যাপীঠে বসেছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব।‘মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার’ এমন উৎকণ্ঠার উত্তাপ ছড়িয়ে নিবন্ধন ফরম হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। একসময় সারির দৈর্ঘ্য প্রাঙ্গণ ছাড়িয়ে প্রধান ফটকের বাইরে চলে যায়। উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে আগেই ২০০টি নিবন্ধন ফরম বিতরণ করা হয়েছিল। উৎসবের দিনে নিবন্ধন ফরমের চাহিদা ছিল এরও তিন গুণ। সকাল নয়টা। ১৭৬টি নিবন্ধন ফরম জমা পড়েছে নিবন্ধন বুথে। বুথের সামনে তখনো দীর্ঘ সারি। শেষ পর্যন্ত প্রতিযোগীর সংখ্যা গিয়ে ঠেকল ১৮০তে। ১৮০ থেকে ৫০ জনকে যন্ত্রের মাধ্যমে বাছাই করা হলো আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য। এই ৫০ জনের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে চূড়ান্ত পর্বে লড়াইয়ের জন্য নির্বাচিত হলো ১০ জন প্রতিযোগী।এবার মঞ্চে এই ১০ জন প্রতিযোগী প্রস্তুত। প্রস্তুত পর্ব-সঞ্চালক গ্রামীণফোনের বিশ্বজিৎ দাশগুপ্ত। প্রতিযোগীদের মধ্যে উত্তেজনামিশ্রিত ভীতি। দর্শক সারির উৎকণ্ঠিত মুখগুলোর দৃষ্টি মঞ্চের প্রতিযোগীদের দিকে।মঞ্চে সঞ্চালকের মিষ্টি কণ্ঠ, ‘সার্চ করো...বের করো...কনফিডেন্ট... কনফিডেন্ট... শিওর...। ইন্টারনেট যখন বলছে, তখন এটাই ঠিক। উত্তর সঠিক হয়েছে।’ দর্শকদের হাততালি। এভাবে পরপর সঠিক উত্তর দিয়ে শ্রীমঙ্গলের আই-জিনিয়াস নির্বাচিত হয় শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী মোহাম্মদ সানি। আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর সানির অনুভূতি—‘আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে এত সহজেই আই-জিনিয়াস হব, বুঝতে পারিনি। এতটাই এক্সাইটেড ছিলাম যে আই-জিনিয়াসের গৌরব অর্জন করার পরও আমার অনুভূতি কাজ করছিল না। নিজেকে সামলে নিয়ে উল্লসিত হতে পারছিলাম না। প্রতিযোগিতা শুরুর আগের সব ভয় কেটে গেছে মুহূর্তেই। আমার মতো অন্য সবারও।’