উত্সাহে-আগ্রহে অতীতের রেকর্ড ছাড়িয়েছে আইফোন-৫
কোনো প্রযুক্তিপণ্যের উদ্বোধন নিয়ে এর আগে এমন উত্সাহ-উদ্দীপনা আর দেখা যায়নি। অদ্ভুত এক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে, অ্যাপলের প্রযুক্তি বিপ্লব আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন-৫’-এর বাজার আগমন নিয়ে। হয়তো কালই সেই মাহেন্দ্রক্ষণ। বাজারে আসবে আইফোন-৫। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আইফোন-৫ বাজারে আসার অপেক্ষায় ক্রেতারা নতুন মোবাইল ফোন কেনাও প্রায় বন্ধ করে দিয়েছেন।অ্যাপলের যেকোনো পণ্য—সেটা আইফোনই হোক কিংবা আইপ্যাড। বাজারে আসার আগে সেটা নিয়ে অতীতে মানুষের মধ্যে বিপুল আগ্রহ লক্ষ করা গেছে। তবে বিশ্লেষকদের মতে, আইফোন-৫ নিয়ে যে আগ্রহ বিদ্যমান তা অতীতের সব রেকর্ডকেই ছাড়িয়ে গেছে।মজার ব্যাপার হচ্ছে অ্যাপলের উদ্ভাবিত আইফোনের নতুন এ সংস্করণটির সত্যিকারের বাণিজ্যিক কোনো নাম এখনো ঠিক হয়নি। লোকমুখে এটি আইফোন-৫ হিসেবেই পরিচিতি পেয়ে গেছে। এ ব্যাপারে আরবিসি ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক আব্রামস্কি বলেছেন, ‘আইফোনের নতুন এ সংস্করণটি “আইফোন-৫” হিসেবে পরিচিতি পেয়েছে। এর যে অনির্বচনীয় চাহিদা, তা ২০১০ সালের জুন মাসে বাজারে আসা আইফোনের চতুর্থ সংস্করণটিকেও ছাড়িয়ে গেছে।’আরবিসি ক্যাপিটালের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রতি দুই হাজার ২০০ জন মোবাইল ফোন ব্যবহারকারীর মধ্যে শতকরা ৩১ ভাগ আইফোনের নতুন সংস্করণটি কিনতে চান। আইফোনের চতুর্থ সংস্করণের ক্ষেত্রে এ হার ছিল ২৫ শতাংশ।এ ছাড়া প্রতিষ্ঠানটি আরও একটি গবেষণায় দেখিয়েছে, আইফোন ব্যবহারকারীদের দুই-তৃতীয়াংশ নতুন সংস্করণটি বাজারে আসার সঙ্গে সঙ্গে তা কিনতে চান। ইকোনমিক টাইমস।