প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। বিজ্ঞানে সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ নম্বর ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৪০ নম্বর থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহু নির্বাচনি প্রশ্নের নম্বর ১।
বিজ্ঞানে সৃজনশীল প্রশ্ন থাকবে ৯টি, উত্তর দিতে হবে ৬টি প্রশ্নের। বহু নির্বাচনি প্রশ্ন থাকবে ৪০টি, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক হবে। এ উদ্দীপক ভালোভাবে বুঝতে পারলে উত্তর সঠিকভাবে লিখতে পারবে।
বিজ্ঞান বইয়ের বিভিন্ন অধ্যায়ে চিত্র আছে। চিত্রগুলো না দেখে আঁকার অভ্যাস করবে এবং বুঝবে।
রসায়নসংশ্লিষ্ট অধ্যায় যেমন পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া, অম্ল খারক ও লবণ আয়ত্ত করার জন্য মৌলের প্রতীক, যোজনী, যৌগমূলকের সংকেত ও যোজনী, রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়মকানুন জেনে রাখতে হয়।
রাসায়নিক সমীকরণের সমতা বিধানের নিয়ম এরই মধ্যে নিশ্চয়ই জেনে নিয়েছ। বিভিন্ন ‘সংজ্ঞা’, ‘কাকে বলে’, ‘বলতে কী বোঝায়’ জাতীয় প্রশ্নের উত্তর পাঠ্যবইয়ের মতো মিল রেখে আয়ত্ত করবে। এ ধনের প্রশ্নের উত্তর বানিয়ে বানিয়ে লিখবে না। বিষয়টি সঠিকভাবে মনে রেখে লিখবে।
পৃথিবী ও মহাকর্ষ, বর্তনী ও চলবিদ্যুৎ অধ্যায়গুলোতে গাণিতিক সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধানের কৌশল আয়ত্ত করতে হবে। সূত্রগুলো মনে রাখতে হবে। সঠিক একক ব্যবহার করতে হবে।
বিভিন্ন অধ্যায়ে কিছু কিছু অংশের বৈশিষ্ট্য, পার্থক্য, তুলনামূলক আলোচনা ইত্যাদি রয়েছে। এসব নিশ্চয়ই মনে রাখতে হবে।
গাণিতিক সমস্যা সমাধানে সব সময় আন্তর্জাতিক পদ্ধতির একক ব্যবহার করতে হবে। পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে উদ্দীপক ও প্রশ্নগুলো ভালো করে বুঝে তবেই উত্তর লেখা শুরু করবে।
মনে রাখবে, ভালো নম্বরের জন্য অনেক কিছু লেখার চেয়ে সঠিক ও প্রাসঙ্গিক উত্তর লেখা জরুরি।
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা