উদ্ধারকর্মীদের সহায়তায় এবার অগ্নিনির্বাপক রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন লাগার ঘটনায় উদ্ধারকর্মীদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির (ইউসি) প্রকৌশলীরা এবার তৈরি করেছেন অগ্নিনির্বাপক বিশেষ রোবট। এরা ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি সরবরাহের মাধ্যমে উদ্ধার তৎপরতায় সাহায্য করবে।স্বয়ংক্রিয় এ গতিময় রোবট ঘটনাস্থলে পৌঁছে একই সঙ্গে অগ্নিদুর্গত এবং উদ্ধারকর্মীদের জীবন বাঁচাতে সাহায্য করবে। জ্বলন্ত ভবনে আগে আগে প্রবেশ করবে। ফলে সেই ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি ভিত্তিতে প্রবেশ করার ব্যাপারটি উদ্ধারকর্মীদের জন্য তখন সহজ হয়ে যাবে। রোবটটি ত্রিমাত্রিক মানচিত্রের সাহায্যে সংগৃহীত তথ্য বিশেষ সফটওয়্যার ব্যবস্থার সাহায্যে অগ্নিনির্বাপণ-কর্মীদের কাছে দ্রুত পৌঁছে দিতে পারে। এ ছাড়া এ রোবট বড় বড় বাধা অতিক্রম করেও সিঁড়ি বেয়ে ওপরে উঠতে সমর্থ। উদ্ধার তৎপরতা চলাকালে এরা ঘটনাস্থলের বিস্তারিত মানচিত্র সরবরাহ করতে সক্ষম।

ইউসির জ্যাকবস স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক টমাস বিউলি বলেন, এ রোবট উদ্ধারকর্মী হবে অত্যন্ত স্মার্ট, স্বল্পব্যয়ী, দ্রুতগামী এবং স্বয়ংসম্পন্ন। দুর্ঘটনাস্থলে থাকবে রোবটটির বহুমুখী তৎপরতা। এটি অনেকটা সুপ্রশিক্ষিত শিকারি কুকুরের মতো সক্রিয় হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এবং ছোটখাটো কিছু সিদ্ধান্ত নিজেরাই গ্রহণ করে কাজ সম্পন্ন করবে।

উদ্ধার তৎপরতায় সহায়ক যন্ত্র আগেও তৈরি করা হয়েছে। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি একটি ‘ট্যাকটাইল হেলমেট’ তৈরি করেছেন। এটি গভীর অন্ধকারেও উদ্ধারকর্মীদের আশপাশের যাবতীয় ঘটনা অনুভবে সহায়তা করে। 

এ ছাড়া ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইএসএ) একটি রোবটের কারিগরি উন্নয়নে আর্থিক সহায়তা দিচ্ছে। স্বয়ংক্রিয় এ রোবট দুর্যোগকবলিত ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে বিভিন্ন সংবেদী তথ্য সংগ্রহ করবে। লাইভসায়েন্স।