উদ্ভাবন দিয়েই বাজার বড় করতে চায় এইচপি
শীর্ষস্থানে যাওয়া মুখ্য উদ্দেশ্য নয় বরং প্রযুক্তির চমকপ্রদ সব উদ্ভাবন দিয়ে বাজার বড় করতে চায় বিশ্বখ্যাত কম্পিউটার-নির্মাতা হিউলেট-প্যাকার্ড (এইচপি)। গত বৃহস্পতিবার চীনের সাংহাইতে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইনফ্লুয়েন্সার সামিট-২০১২’-এর সমাপনী অনুষ্ঠানে বললেন এইচপির প্রিন্টিং ও পারসোনাল সিস্টেমস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও চিফ অব স্টাফ স্টিভ হফম্যান। দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনে প্রায় ৮০টি দেশের সংবাদমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরা হয় এইচপির বর্তমান প্রযুক্তি।বিশ্বের সাতটি স্থানে ৫০০ জন গবেষক কাজ করছেন এইচপির উন্নয়ন ল্যাবে। যুক্তরাষ্ট্রের পারো আলটো গবেষণাকেন্দ্রের বিজ্ঞানী জন অ্যাপসটোলোপোলোস জানালেন আগামী দিনের এইচপি পিসিতে হার্ডডিস্ক ড্রাইভ, ফ্ল্যাম মেমোরি, র্যাম বলে কিছু থাকবে না। এইচপি আবিষ্কার করেছে মেমোরিস্টর। রেজিস্টরের মধ্যেই থাকবে মেমোরি। মনিটর হবে আরও পাতলা, নমনীয় এবং পরিধেয়। ক্লাউড কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে পারসোনাল কম্পিউটারকে যুক্ত করার বিষয়ে গবেষণা চালাচ্ছে এইচপি। ফলে তথ্য সংরক্ষণের জন্য আলাদা যন্ত্রের হয়তো দরকারই হবে না।সমাপনী অনুষ্ঠানে এইচপির প্রযুক্তিগত অংশীদার মাইক্রোসফট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বালমোরের ভিডিও বক্তব্য দেখানো হয়। এইচপির কর্মকর্তারা জানান, চলতি বছর হবে আল্ট্রাবুকের বছর। বহনযোগ্য কম্পিউটারের জন্য ইন্টেলের বিদ্যুৎ সাশ্রয়ী শক্তিশালী প্রসেসর আল্ট্রাবুকের জন্য কম্পিউটার তৈরি করছে এইচপি। সাংহাইতেই এই ল্যাপটপের নতুন মডেল স্পেকট্রা এক্সটি দেখানো হলো। ১৯ মিলিমিটার পুরু আল্ট্রাবুকের মাধ্যমে এইচপি অনেক বড় বাজার পাবে বলে আশা করছে। সমাপনী দিনে তিনটি আলাদা অধিবেশনে তুলে ধরা হয় এইচপির নতুন প্রযুক্তির নানাদিক। ১৯৮৩ সালে এইচপি প্রথম বানিয়েছিল টাচস্ক্রিন পর্দার কম্পিউটার। আর চলতি বছর বিশ্বে প্রথমবারের মতো ছাড়া হয়েছে ২৭ ইঞ্চি পর্দার টাচ পিসি। গোটা কম্পিউটারই মনিটরের মধ্যে। তারহীন মাউস আর কিবোর্ড ব্যবহারের সুবিধা আছে। আগামী বছর আসবে টাচ পিসির আরও উন্নত সংস্করণ। বিশ্বে প্রথমবারের মতো বহনযোগ্য অল-ইন-ওয়ান প্রিন্টার তৈরি করল এইচপি। এটি মূলত প্রিন্টার, স্ক্যানার, ফ্যাক্স, ফটোকপিয়ারের সমন্বিত রূপ। আকারে ছোট তাই বহন করা যায়। আর একবার ব্যাটারি চার্জ করে নিলে ৫০০ পৃষ্ঠা পর্যন্ত ছাপা যাবে। একটি অধিবেশনে দেখানো হয় প্রিন্ট ছাড়া জীবন-যাপন কতটা অর্থহীন সে বিষয়। তাই এইচপি মনে করছে ডিজিটাল ও মুদ্রণমাধ্যম—দুটির সমন্বয়ই জীবনযাত্রাকে আধুনিক ও সহজ করবে। প্রযুক্তিপণ্য তৈরির পর কীভাবে সেটির পরীক্ষা করা হয়, তার এক বিশাল আয়োজন দেখা গেল একটা অধিবেশনে। মূল আনুষ্ঠানিকতার পর বৃহস্পতিবার রাতে সাংহাই মিউজিয়াম অব গ্লাসে ‘এশিয়া ম্যাটারস’ নামে নৈশভোজ দিয়ে শেষ হয় এইচপির এই সম্মেলন। —পল্লব মোহাইমেন, সাংহাই (চীন) থেকে