উদ্ভাবনী মেলার শেষ দিনও ছিল জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিন ছিল গত শনিবার। এ দিনও দর্শনার্থীরা ভিড় করেছে মেলার বিভিন্ন স্টলে। বিশেষ করে সাড়া দাও বাংলাদেশ, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বন বিভাগের স্টলে সুন্দরবনের পক্ষে ভোট দিতে আসে বিভিন্ন বয়সের স্বতঃস্ফূর্ত লোকজন। এই প্রসঙ্গে পর্যটন করপোরেশনের কর্মকর্তা সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহে ভালোই সাড়া পাচ্ছি। আর আমাদেরও একমাত্র লক্ষ্য সুন্দরবনকে জয়যুক্ত করা।’ সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্যপ্রযুক্তির ছোঁয়া এবং সরকারের সেবা সবার কাছে পৌঁছে দেওয়া। এ জন্য আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। এক-দুই মাসের মধ্যে আমরা বাংলাদেশে অল্প দামে ল্যাপটপ উৎপাদন করব।’ তিনি ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নওশের আলী, ইউ এস বাংলাদেশ পার্টনারের চেয়ারম্যান আজিজ আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আর ইউ আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শ্যামাপদ দে। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টল এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এ মেলার আয়োজন করে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস