উদ্ভাবনে হাতেখড়ি

চোখে চশমা পরা হলো। কিন্তু সামনের কিছুই দেখা যাচ্ছে না। আশপাশে আলোর দিকে তাকালে অদ্ভুত কিছু দেখা যাচ্ছে। চশমাটি আলোর মধ্যে থাকা নানা রং দেখিয়ে দিচ্ছে। এ ধরনের চশমার ভেতরে কী হচ্ছে? অতিবেগুনি রশ্মির কারণে এমনটা হয়। ব্যাপারটা হলো—মৌলিক কয়েকটি রঙের সমন্বয়ে যে সাদা রঙের সৃষ্টি তা-ই দেখা যাচ্ছে এই চশমায়। পাঠক হয়তো ভাবছেন, এসব স্কুলে পড়েছি। হ্যাঁ, পড়েছেন! তবে সরাসরি কজনই বা দেখেছে। ‘অন্যরকম বিজ্ঞানবাক্স’-এর আলোর ঝলক সংস্করণটি হাতের কাছে থাকলেই এটা দেখা যাবে। কেবল বাক্স থেকে চশমাটি বের করে চোখে লাগাতে হবে। শুধু এটি নয়, আলোর ঝলকে আছে এ ধরনের মোট ২৫টি পরীক্ষণ। আলোর ঝলক ছাড়া তড়িৎ তাণ্ডব ও চুম্বকের চমক নামে দুটি বিজ্ঞানবাক্স রয়েছে। সেগুলোতে থাকা নানা উপকরণ দিয়ে অনেক পরীক্ষণ করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক অনুশীলন করার এই বাক্সগুলো দিয়েই হতে পারে উদ্ভাবনী কাজে আপনার সন্তানের হাতেখড়ি।

বলা যেতে পারে ‘বর্ণ চাকতি’র কথা। যেটি আবিষ্কার করেছিলেন নিউটন। এই ‘বর্ণ চাকতি’ তত্ত্ব মুখস্থ না করে আলোর ঝলক বাক্স থেকে নিউটনের ‘বর্ণ চাকতি’ জেনে নেওয়া যায় এক মিনিটেই। গত বছরের মাঝামাঝি সময়ে অন্য রকম ইলেকট্রনিকস বাজারে আনে এই ‘অন্যরকম বিজ্ঞানবাক্স’-এর আলোর ঝলক। এর গবেষণায় সহযোগিতা করেছে পাই ল্যাবস। ‘বুদ্ধিভিত্তিক সাধনা দিয়ে মানুষ এগিয়ে যায়। কিন্তু স্কুল-কলেজের বইয়ে পড়া বিষয়গুলো শুধু পরীক্ষার খাতা পর্যন্তই পৌঁছায়, মনে আর পৌঁছায় না। অন্যরকম বিজ্ঞানবাক্স সেসব জিনিসের অনেক কিছু মনে পৌঁছে দিতে সক্ষম হবে—এই উদ্দ্যেশ্যে পণ্যগুলো তৈরি হয়েছে।’ ৩০ জানুয়ারি অন্যরকম গ্রুপের কার্যালয়ে কথাগুলো বলছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদুল হাসান।
অন্যরকম ইলেকট্রনিকস এ পর্যন্ত বাজারে এনেছে আলোর ঝলক, চুম্বকের চমক ও তড়িৎ তাণ্ডব—এই তিনটি বিজ্ঞানবাক্স। চুম্বকের চমকে আছে চুম্বক নিয়ে ২৬টি পরীক্ষণ। তড়িৎ বিষয়ের ২০টি পরীক্ষণ রয়েছে তড়িৎ তাণ্ডবে। প্রতিটি বিজ্ঞানবাক্সে থাকছে একটি রোবেকুব (বিজ্ঞান কল্পকাহিনি), নির্দেশিকা, পরীক্ষণের উপকরণ এবং সেগুলো কীভাবে করবে তার একটি ডিভিডি। ম্যানুয়েলের নির্দেশনা দেখে করে ফেলতে পারবেন পরীক্ষণ। বিজ্ঞানবাক্সের নতুন সংস্করণ রসায়ন, ইলেকট্রনিকস ও ইলেক্ট্রোম্যাগনেট বাজারে আসবে খুব শিগগরই, জানালেন মাহমুদুল হাসান।
বিজ্ঞানবাক্সের কার্যক্রম নিয়ে মাহমুদুল হাসান বলেন, বিজ্ঞানকে গল্পের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে এতে রোবেকুব চরিত্রের একটি বিজ্ঞান কল্পকাহিনি দেওয়া হয়েছে। এই বিজ্ঞানবাক্স তাঁরা ছড়িয়ে দিতে চান পুরো বিশ্বে। ইংরেজি সংস্করণের কাজও প্রায় শেষ পর্যায়ে। অন্যরকম বিজ্ঞানবাক্সের আলোর ঝলক, চুম্বকের চমক ও তড়িৎ তাণ্ডব কেনা যাবে যথাক্রমে ৬৫২, ৯৭১ ও ৮২১ টাকায়।
অনলাইনে (www. rokomari. com) বা ফোনে (০১৮৪৭১০৩১০২) চাহিদা জানানো যাবে এই বিজ্ঞানবাক্সের জন্য।