উদ্ভাবনের চমকে ভরা এক আয়োজন
ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল একের পর এক শট মেরে যাচ্ছেন বলে। তবে সেটা রিয়াল মাদ্রিদের ফুটবল স্টেডিয়ামে নয়, বরং ক্যাম্পাস পার্টিতে। আর যারা খেলছে তারাও সত্যিকারের ফুটবল তারকা নয় বরং তাদের রোবট সংস্করণ। পর্তুগালের ব্রাগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক মাস ধরে চেষ্টার পর এই দুটি রোবট তৈরি করেছেন। ক্যাম্পাস পার্টি হচ্ছে তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিনোদনমূলক অনুষ্ঠানগুলোর একটি। ১৯৯৭ সালে এই ক্যাম্পাস পার্টি শুরু হয়। গত বছর এই পার্টি অনুষ্ঠিত হয় ভ্যালেন্সিয়ায়। এবার অনুষ্ঠিত হয়েছে মাদ্রিদে। তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহ আছে এমন ৮০০ মানুষ ওই ক্যাম্পাস পার্টিতে অংশ নেন। গতকাল রোববার ওই ক্যাম্পাস পার্টি শেষ হয়। অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে তথ্যপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধারণা, অভিজ্ঞতা এবং কম্পিউটার সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কে মতবিনিময় করেন। তাঁরা নিজেদের বিভিন্ন প্রোগ্রাম ও যন্ত্র উপস্থাপন করেন। এর মধ্যে ২০টি পুরস্কারের জন্য বিচারকদের কাছে উপস্থাপন করা হবে। ক্যাম্পাস পার্টিতে নিজের কম্পিউটারটি নিয়ে আসেন ম্যাটিয়াস নামে একজন ব্যক্তি। তিনি কম্পিউটারটিতে রীতিমতো একটি অরণ্য বানিয়ে ফেলেছেন। গাছপালা দিয়ে ঢেকে ফেলেছেন গোটা কম্পিউটার। ডেবোরাহ নামের আরেকজন প্রদর্শন করেছেন টোস্টার কম্পিউটার। এই কম্পিউটারে অন্যান্য কাজের পাশাপাশি রুটিও টোস্ট করা যায়। এ ছাড়া আরও অনেকে শিক্ষামূলক প্রোগ্রাম ও যন্ত্র উপস্থাপন করেছেন। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান