উদ্যোক্তা গড়বে টিআইই ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশের এই তরুণ প্রজন্মই বয়ে আনতে পারে অপার সাফল্য। আর সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি করবে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির সংগঠন দ্য ইন্ডাস এন্টারপ্রেনার্স (টিআইই)। গত শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘টাই ঢাকা’র যাত্রা শুরু হয়েছে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে নতুন যুগের সুযোগ হলেও আমাদের দেশের বিনিয়োগকারীরা এই খাতে এখনো তেমন বিনিয়োগ করছেন না। দেশের যত তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান আছে, সবই বাস্তবায়ন করেছে কোনো না কোনো উদ্যোক্তা।’
অনুষ্ঠানে বক্তৃতা করেন টিআইই গ্লোবালের চেয়ারম্যান অশোক রাও, প্রধান নির্বাহী পি কে আগারওয়াল, ঢাকার মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোইজ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোকেয়া আফজাল রহমান, টিআইই ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির কবির, সহসভাপতি শামীম আহসানসহ অনেকে।
সোনিয়া বশির কবির বলেন, ‘টাই বাংলাদেশের সব উদ্যোক্তাকে নিয়ে কাজ করবে এবং আমরা সব ক্ষেত্রে পেশাজীবী ও ব্যবসায়ীদের নিয়ে নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছি।’ ১৯৯২ সালে সিলিকন ভ্যালির এক দল সফল উদ্যোক্তা ও অভিজ্ঞ পেশাজীবী টিআইই প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া। এর সঙ্গে যুক্ত রয়েছে ১১ হাজার সদস্য ও দুই হাজার ৫০০ জন চার্টার সদস্য। বর্তমানে ১৭টি দেশের ৬০টি অঞ্চলে টিআইইর কার্যক্রম চলছে।
— রাহিতুল ইসলাম