উদ্যোক্তা-বিনিয়োগকারীর সম্পর্ক তৈরির উদ্যোগ
ঢাকায় অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের বিজনেস গ্রুপের (জিবিজি ঢাকা) আয়োজন। গতকাল শনিবার আয়োজিত এই আয়োজনে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের পাশাপাশি অংশ নিয়েছেন বিনিয়োগকারীরাও। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের নিজেদের মধ্যে সম্পর্ক তৈরিতে সাহায্য করা এবং বিনিয়োগকারীদের সঙ্গে পরিচিত করা। গুগলের অন্যতম এ উদ্যোগটি বিশ্বের ১৫০টি দেশে অনুষ্ঠিত হয়। তৃতীয় বারের মতো ঢাকায় অনুষ্ঠিত এই আয়োজনে গুগল পাওয়ার সার্চ কোর্স, অ্যাডসেন্স কেস স্টাডি, জিবিজি কমিউনিটি হালনাগাদের পাশাপাশি ই-কমার্সের সম্ভাবনাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। ই-কমার্সের নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান, ব্লু লাইনারের প্রধান নির্বাহী ফাইয়াজ তাহের, নিউজক্র্যাডের প্রধান কারিগরি কর্মকর্তা ইরাজ ইসলামসহ অনেকে। এ ছাড়া এই আয়োজনে বিভিন্ন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের নতুন কাজ সম্পর্কে সবাইকে জানানোর সুযোগ পান। জিবিজি ঢাকার আয়োজক ব্যবস্থাপক রিয়াদ হোসেন জানান, নিয়মিতভাবে প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং করার জন্য জিবিজি কাজ করে যাচ্ছে। জিবিজির অন্য দুই আয়োজক ব্যবস্থাপক হলেন নাশিদ ইসলাম ও মির্জা সালমান হোসেন। পরবর্তী আয়োজন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে। এই আয়োজনে আগ্রহী অংশগ্রহণকারীরা বিস্তারিত জানতে পারবেন www.gbgdhaka.oৎg ঠিকানায়। এ ছাড়া নানা তথ্য জানা যাবে www.facebook.com/GBGDhaka ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী