উদ্যোক্তা সম্মেলন ৬ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এ নানা আয়োজন রাখা হয়েছে। ৫০০-এর বেশি উদ্যোক্তার অংশগ্রহণে ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল এন্টারপ্রেনারশিপ কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। উদ্যোক্তা সম্মেলন ছাড়াও ডিজিটাল ওয়ার্ল্ডে সার্টিফিকেশন কোর্স, উদ্যোক্তা মেলা, নতুন পণ্য বা সেবার পরিচিতি থাকছে। উদ্যোক্তা সম্মেলনে উপস্থিত থাকবেন গুজুল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিত্য ওয়াতাল, ন্যাশনাল বিজনেস ইনকিউবেশন অ্যাসোসিয়েশনের পরিচালক টম স্ট্রোডথবেক, স্পার্কলাইন অ্যানালাইটিকসের প্রতিষ্ঠাতা ভিনোজ বিজয়কুমারসহ উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। ডিজিটাল ওয়ার্ল্ডের পরামর্শক মুনির হাসান জানান, ‘যুবসমাজের মধ্যে উদ্যোক্তা হওয়ার নতুন সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে। সফল হওয়ার জন্য দরকার পথের বিভিন্ন বাঁকের খবর। উদ্যোগসংশ্লিষ্ট এ রকম বিভিন্ন দিকের প্রতি লক্ষ রেখেই সম্মেলনটি সাজানো হয়েছে।’ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উদ্ভাবন, পরিচর্যা (ইনকিউবেশন) ও বিনিয়োগসংক্রান্ত একটি আলোচনাও রয়েছে। ৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজন করছে এ সম্মেলন। —বিজ্ঞপ্তি