উদ্যোক্তা হওয়ার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ী টিম ফায়ারফ্লাইসের সদস্যরা
বিজয়ী টিম ফায়ারফ্লাইসের সদস্যরা

নতুন ব্যবসা শুরু করেছে এমন বাংলাদেশিদের জন্য সহজে ব্যবহারযোগ্য কম্পিউটার টুল তৈরি করার মতো অভিনব ধারণা নিয়ে শুরু হয় ‘বিজনেস প্রসেস টুল চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার আয়োজন। স্টার্ট আপ ডিইউ কমিউনিটির সার্বিক তত্ত্বাবধানে ১২ এপ্রিল রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে আয়োজিত হয় এই প্রতিযোগিতার গ্র্যান্ডফিনালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। তিনটি রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ড থেকে ১৬টি দল সেমিফাইনালে এবং তা থেকে সাতটি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়। এই সাতটি দলের মধ্য থেকে সেরা দল হিসেবে নির্বাচিত হয় টিম ফায়ারফ্লাইস এবং এ জন্য তারা জিতে নেয় ৫০ হাজার টাকা পুরস্কার।
অংশ নেওয়া দলগুলোকে পাঁচটি ক্যাটাগরি (অ্যাকাউন্টিং সিস্টেম, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, পেমেন্ট ইন্টিগ্রেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট) দেওয়া হয় এবং তার থেকে যেকোনো একটি ক্যাটাগরির ওপর ভিত্তি করে তাদের টুল তৈরি করতে হয়, পরবর্তী সময়ে তৈরি টুল নিয়ে প্রেজেন্টেশন দিতে হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন ফিন্যান্স বিভাগের সামিয়া রুপন্তি ও হাবিবা সিদ্দিকা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জেসিকা শারমিন রহমান, জান্নাতুল ফেরদৌস ও পারভেজ মোল্লা। তাঁদের টুলটি ছিল এইচআর-এর ওপর। একটি প্রতিষ্ঠানে কখন কর্মচারী আসছেন, কখন অফিস ছেড়ে যাচ্ছেন, তাঁদের বেতন, ছুটি ইত্যাদির রেকর্ড তাঁদের এই টুলের মাধ্যমে সহজেই রাখা যাবে।
প্রতিযোগিতার প্রথম রানার-আপ দল হলো ক্লয়াকওয়ার্ক ২.০ এবং দ্বিতীয় রানার-আপ টিম হলো আইআইটি ক্লভার। প্রতিযোগিতার অন্যতম আয়োজক নাজমুল আহমেদ জানালেন, ‘মূলত তরুণ ব্যবসায়ীদের কাজটাকে আরেকটু সহজ করার লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন। অংশগ্রহণকারীদের আগ্রহ দেখে আমরা সত্যিই অভিভূত!’
বিজয়ী দলের কাছ থেকে তাদের অনুভূতি জানতে চাইলে দলনেতা সামিয়া রুপন্তি বললেন, ‘খুবই ভালো লাগছে। শুরুতে এতটা আশা করিনি। প্রতিযোগিতার পুরো সময়টায় ক্লাস পরীক্ষা চলছিল। তবু দলের সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত আমরা প্রথম হয়েই গেলাম!’ বিজয়ী দলের সদস্যরা সবাই মনে করেন এই বিজয় তাঁদের সামনের দীর্ঘ যাত্রাপথেরে সূচনামাত্র। আরও বহুদূর যাওয়ার দৃঢ় প্রত্যয় তাঁদের কণ্ঠে স্পষ্ট।